নেদারল্যান্ডসের কাছেও হেরে গেলেন জ্যোতিরা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ২১:৪০
বিশ্বকাপের আগে ইউরোপের কন্ডিশনে এসিড টেস্ট হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্কটল্যান্ডের এডিনবারায় চলমান ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরে গেছেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছেন তারা। আজ রোববার নেদারল্যান্ডসের কাছে হেরেছে ৮ রানে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া বাকি মেয়েরা ভালো করতে পারছেন না। প্রথম ম্যাচে ৩৯ বলে ৪৬ রান করেন জ্যোতি। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন ৭৭ রানের ঝড়ো ইনিংস। ৫১টি বল মোকাবেলায় ৭টি চার ও একটি ছয় মারেন তিনি। দেড়শ (১৫০.৯৮) স্ট্রাইকরেটে ব্যাট করেন জ্যোতি। তাঁর সঙ্গে তালা মেলাতে না পারায় ১৬৩ রানের লক্ষ্য তাড়া করা সম্ভব হয়নি।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রান করে নেদারল্যান্ডস। বাংলাদেশর বোলিংয়ের দুর্বলতা কাজে লাগিয়ে এই বিশাল স্কোর দাঁড় করে তারা। ওপেনার হিদার সিজার ৫২, ফিবে মোকেনবোর ২৯, স্ট্রে ক্যালিস ২৮ রান করেন। মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে আর ফারিহা তৃষ্ণা দু্টি উইকেট নেন।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। জোয়ায়রিয়া ফেরদৌস ২২ রান করে আউট হলে জ্যোতি লড়াই করেন পরাজয়ের ব্যবধান কমাতে। জুটিতে যোগ্য সঙ্গী না পাওয়ায় ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানে থেমে যেতে হয়েছে। স্বার্ণা আক্তার ১০ ও রীতু মনি ১৭ রান করেন।
- বিষয় :
- বাংলাদেশ
- স্কটল্যান্ড
- নিগার সুলতানা জ্যোতি
