আইপিএলে একাই পাঁচটি পুরস্কার জিতলেন সূর্যবংশী
ছবি- ক্রিকইনফো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১২:২৯
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সমাপনী মঞ্চ মানেই সাধারণত একঝাঁক তারকার মধ্যে পুরস্কার ভাগাভাগি হওয়ার এক দৃশ্য। কেউ জেতেন টুর্নামেন্ট সেরা ব্যাটারের খেতাব, তো কারও হাতে ওঠে সেরা বোলারের ট্রফি। তবে আইপিএলের সদ্য সমাপ্ত আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেন একা হাতেই বদলে দিলেন এক কিশোর। আহমেদাবাদের জমকালো মঞ্চে ট্রফি নিতে পাঁচবারই হেটে এলেন বৈভব সূর্যবংশী।
বিহারের ১৫ বছর বয়সী বিস্ময় বালক একাই নিজের পকেটে পুরলেন মোট ৫৫ লাখ রুপির প্রাইজমানি। সঙ্গে বোনাস হিসেবে পেয়েছেন একটি বিলাসবহুল ‘টাটা সিয়েরা’ গাড়ি। যদিও সেই গাড়িটা এখনো চালানোর বয়সই হয়নি তার।
টুর্নামেন্টের বাঘা বাঘা সব ব্যাটারদের পেছনে ফেলে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতে নিয়েছেন বৈভব। পুরো মৌসুমে ২৩৭.৩১ এর মতো স্ট্রাইক রেট বজায় রেখে তিনি সংগ্রহ করেছেন মোট ৭৭৬ রান। আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে অরেঞ্জ ক্যাপের সঙ্গে ১০ লাখ রুপিও বুঝে নিয়েছেন তিনি।
পুরো টুর্নামেন্ট জুড়ে বিধ্বংসী স্ট্রাইক রেট ধরে রাখায় তার হাতে উঠেছে আসরের ‘সুপার স্ট্রাইকার’ পুরস্কার। পেয়েছেন ১০ লাখ রুপি ও টাটা সিয়েরা গাড়ি। তবে সবচেয়ে বড় ধামাকাটা দেখিয়েছেন ছক্কা মারার ক্ষেত্রে। ক্রিস গেইলের এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন বৈভব। পুরো টুর্নামেন্টে মোট ৭২টি ছক্কা হাঁকিয়ে তিনি নিজের করে নিয়েছেন ‘সুপার সিক্সেস’ পুরস্কার। এবারও জিতেছেন ১০ লাখ রুপি। এর মাঝে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এক ম্যাচেই তিনি হাঁকান ১২টি ছক্কা। ২০১০ সালের পর প্রথম কোনো ভারতীয় ব্যাটার হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তি এটি।
রান করার পাশাপাশি ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার প্রভাবের কারণে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) নির্বাচিত হয়েছেন এই বাঁহাতি ওপেনার। মোট ৪৩৬.৫ পয়েন্ট নিয়ে রেটিং তালিকার শীর্ষস্থান দখল করায় পুরস্কার হিসেবে পেয়েছেন আরও ১৫ লাখ রুপি। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সেরা ‘ইমার্জিং প্লেয়ার’ পুরস্কারের ১০ লাখ রুপিও গেছে তাঁর ঝুলিতে।
ফাইনাল শেষে পুরস্কার হাতে নিয়ে সূর্যবংশী বললেন, ‘দারুণ লাগছে। কিন্তু চাপবোধ করছি কারণ আমি সাক্ষাৎকার দিচ্ছি। এটা গর্বের মুহূর্ত এবং আমি চেষ্টা করব পরের মৌসুমেও ভালো করতে।’
এই মৌসুম থেকে বেশ কিছু শিক্ষা নিয়েছেন তিনি, ‘চাপের ম্যাচে কীভাবে খেলবেন, প্রতি ম্যাচে নিজেকে কীভাবে পাল্টাতে হবে, প্রত্যেক ম্যাচ একইভাবে খেলতে পারবেন না, ম্যাচ পরিস্থিতি বুঝতে হবে এবং দলের চাহিদা অনুযায়ী খেলতে হবে। এই মৌসুম থেকে এগুলোই আমি শিখেছি। (ফিটনেস নিয়ে) হ্যাঁ, আমার মনোযোগ সেদিকে। আমাকে যদি লম্বা সময় খেলতে হয় ইনজুরি থেকে বাঁচতে হবে এবং আমার ফিটনেস নিয়ে কাজ করবে হবে, আরও বেশি মনোযোগী হতে হবে।’
- বিষয় :
- আইপিএল
- বৈভব সূর্যবংশী
