অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়তে পারেন আফিফ
ফাইল ছবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:২৭
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সিরিজ শুরু হতে আট দিন বাকি থাকায় লিগ ম্যাচ খেলে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা মেহেদী হাসান মিরাজদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান ২ ও ৫ জুন ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলবেন ওয়ানডে ক্রিকেটাররা। অফিসিয়াল ক্যাম্প শুরু হবে ৬ জুন। এবার দলে একটি পরিবর্তন আনা হতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে থাকা আফিফ হোসেনকে বাদ দেওয়া হতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীতিনির্ধারকদের আপত্তি না থাকলে মোসাদ্দেক হোসেন সৈকতকে বিবেচনা করা হতে পারে আফিফের জায়গায়। বিসিবি দুর্নীতি দমন বিভাগের অনাপত্তি থাকতে হবে। ঢাকা লিগে নিয়মিতই ছয় নম্বর পজিশনে ব্যাট করেন আবাহনী অধিনায়ক। চলমান লিগে সাত ম্যাচের পাঁচ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি করেছেন। বোলিং বরাবরই ভালো তাঁর। কম রান দিয়ে বোলিং কোটা শেষ করায় পারদর্শী। উইকেট শিকারেও আছে মুনশিয়ানা। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন একই ঘরানার ক্রিকেটার হওয়ায় আগেপিছে ভাবতে হয় নির্বাচকদের। মোসাদ্দেককে নেওয়া না হলে নুরুল হাসান সোহান থাকবেন ওয়ানডে দলে ফেরার প্রতিদ্বন্দ্বিতায়। যদিও লিগে খুব বেশি ভালো করতে পারেননি উইকেটরক্ষক এই ব্যাটার।
এবার দল গড়ায় গুরুত্ব পাবে কন্ডিশন। স্পোর্টিং উইকেট গড়া হলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানাকে নিয়ে অপরিবর্তিত থাকবে পেস ইউনিট। সৌম্য সরকারের সঙ্গে লড়াইয়ে আছেন পারভেজ হোসেন ইমন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের দল মোটামুটি চূড়ান্ত থাকলেও আজ সভায় বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেল। কোচ ফিল সিমন্স ও অধিনায়ক মেহেদী মিরাজের মতামত নিয়ে ১৫ জনের স্কোয়াড চূড়ান্ত করবে তারা।
বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল ঢাকায় পা রাখবে ৫ জুন। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৪ জুন শেষ করবে তারা। ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে হবে ওয়ানডে সিরিজ। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ। বর্তমানে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ম স্থানে আছে টাইগাররা। ৮ম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৯। ২০২৭ সালের ৩১ মার্চ র্যাঙ্কিংয়ে উন্নতির শেষ সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে লিটন কুমার দাসরা ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামে খেলবেন তিন ম্যাচ টি২০ সিরিজ।
