ইংলিশ কাউন্টিতে দল পেলেন হাসান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:০৪
সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর ইংলিশ কাউন্টিতে চার দিনের ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। চলতি মৌসুমে কেন্টের হয়ে খেলার কথা তাঁর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেলে ১২ থেকে ১৫ ও ১৯ থেকে ২২ জুন দুটি ম্যাচ খেলবেন তিনি।
গতকাল সোমবার সমকালকে তিনি বলেন, ‘কাউন্টিতে ম্যাচ খেলতে পারা দারুণ ব্যাপার হবে। এই মৌসুমে দুটি ম্যাচ খেলব। কাউন্টিতে নাম লেখাতে পারলে ভালো হবে। জিম্বাবুয়ে সফরের জন্য একটা সুন্দর প্রস্তুতি নিতে পারব।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, হাসানকে কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ছাড়পত্র দেওয়ার বিষয়টি আলোচনাধীন। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেটারদের বিদেশি লিগে খেলতে দেওয়ার পক্ষে।
এ ব্যাপারে প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কাছে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি ও প্রধান কোচের কোর্টে বল ঠেলে দেন। চোট পুনর্বাসন শেষ করে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ম্যাচ খেলবেন হাসান। প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ছাড়পত্র দেওয়া হলে ৫ জুন প্রাইম ব্যাংকের বিপক্ষে খেলে ইংল্যান্ড যেতে পারেন তিনি।
ল্যাঙ্কাশায়ার ও মিডলসেক্সের বিপক্ষে কেন্টের জার্সিতে দেখা যাবে তাঁকে। কাউন্টি ক্রিকেটের পাশাপাশি প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপস ২৮ লাখ রুপিতে সরাসরি দলে নিয়েছে তাঁকে। এ ছাড়া সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ জাফনা কিংস, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ গল গ্যালান্টসে খেলবেন।
- বিষয় :
- হাসান মাহমুদ
