বিসিবির নির্বাচন প্রক্রিয়া দেখতে আইসিসির দুই প্রতিনিধি ঢাকায়
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:১৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) নিয়মিত ইমেইল করছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর বিষয়টি নিয়ে কথাও বলেছেন মিডিয়ায়। জাতীয় ক্রীড়া পরিষদের তদন্তের এখতিয়ার ও বিসিবির অ্যাডহক কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে তদন্তের দাবি করে আসছেন তারা। ৭ জুন অনুষ্ঠেয় বিসিবির নির্বাচন নিয়েও অভিযোগের শেষ নেই। এই পরিপ্রেক্ষিতে আইসিসির দুই সদস্যের প্রতিনিধি দল গতকাল সোমবার ঢাকায় এসেছেন নির্বাচন ইস্যুতে কথা বলার জন্য। আইসিসির দুই প্রতিনিধি হলেন দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মুসাজি ও জিম্বাবুয়ের তাভেনগুয়া মুকুলানি।
আইপিএলের ফাইনাল শেষে আইসিসির সভা হয়েছে ভারতে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার একটি হলো বিসিবির নির্বাচনের স্বচ্ছতার বিষয়টি খতিয়ে দেখা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীর সঙ্গে গতকাল ঢাকায় পৌঁছে কাজ শুরু করে দিয়েছেন মুসাজি ও মুকুলানি। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনের সঙ্গে।
বিসিবির একজন অফিসিয়াল সমকালকে বলেন, ‘এনএসসি আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে অবৈধ ঘোষণা করে অ্যাডহক কমিটি গঠন করার পর থেকে নানা অপতৎপরতা চলছে। তারা অনেকভাবে চেষ্টা করছেন দেশের ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য। বাস্তবতা হলো সরকার ও বিসিবি যা কিছু করেছে, সে ব্যাপারে অবহিত আইসিসি। নির্বাচনী প্রক্রিয়া খতিয়ে দেখতে আইসিসি প্রতিনিধি দলের ঢাকায় আসায় ভালো হয়েছে। তারা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে একটি রিপোর্ট দিতে পারবে। কারণ বিসিবির নির্বাচন গঠনতন্ত্র মেনে হচ্ছে।’
৭ জুন বিসিবি নির্বাচন হলেও ভোট দেওয়া শুরু হয়ে গেছে গতকাল থেকে। প্রিসাইডিং অফিসার তাহেরুল হক জানান, ১ জুন থেকে পোস্টাল ভোট দেওয়া যাবে। ক্লাব ক্যাটেগরি থেকে ৭৬ জন কাউন্সিলরের মধ্যে পোস্টাল ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন ৩৯ জন। ঢাকা লিগের ক্লাব কর্মকর্তারা ঢাকায় থাকলেও অর্ধেকের বেশি কাউন্সিলর পোস্টাল ভোট দিতে চাওয়ায় বিস্ময়ের জন্ম দিয়েছে। বিভাগ থেকে পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন তিনজন।
- বিষয় :
- আইসিসি
- বিসিবি নির্বাচন
