ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্কটল্যান্ডকে হারিয়ে রেসে থাকলেন জ্যোতিরা

স্কটল্যান্ডকে হারিয়ে রেসে থাকলেন জ্যোতিরা
×

ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ২২:০৮ | আপডেট: ০২ জুন ২০২৬ | ২২:৫১

নিগার সুলতানা জ্যোতি দারুণ ছন্দে আছেন। টানা তিন ম্যাচে রান পেলেন তিনি। আজ মঙ্গলবার জ্যোতির সঙ্গে রান পেয়েছেন সোভানা মুস্তারি। বোলিংটাও হয়েছে মনের মতো। যে কারণে ফিরতি লিগে স্বাগতিক স্কটল্যান্ডকে এডিনবার্গে৩৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। প্রথম লেগে টানা দুই হারের পর জয় পাওয়ায় ফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকল। 

ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে উন্নীত হয়েছে স্কটল্যান্ড। এক জয় নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ছিল নেদারল্যান্ডস। বুধ ও বৃহস্পতিবার ফিরতি লেগের ম্যাচ খেলবে ডাচরা। এই দুই ম্যাচে নেদারল্যান্ডসের জয়-পরাজয়ের ওপর নির্ভর করবে ফাইনালে খেলা না খেলা। স্কটল্যান্ড ও বাংলাদেশ জিতে গেলে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে ডাচরা। সেক্ষেত্রে ফাইনাল খেলবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।

ফিরতি লেগে স্কটল্যান্ডের বিপক্ষে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করেন নিগার সুলতানা জ্যোতিরা। টপঅর্ডার ব্যাটাররা টানা ব্যর্থ হলেও অধিনায়ক ছিলেন ধারাবাহিক। ৪৭ বলে ৫৮ রান করেন তিনি। ছয়টি চার ও একটি ছয়ে ইনিংসটি সাজান। সোভানা মুস্তারি ৩৯ রান করেন ৩১ বলে। পাঁচটি চার ও একটি ছয় হাঁকান তিনি। কেসি ব্রেস ও মাইসেই দুটি করে উইকেট নেন। জবাবে অলরাউন্ডার রিতু মনি চার, মারুফা আক্তার ও সানজিদা আক্তার দুটি করে উইকেট নিয়ে ১১৮ রানে গুটিয়ে দেন স্কটল্যান্ডকে।

আরও পড়ুন

×