ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিপিএল নিয়ে যে আলাপ হয়েছে কোয়াব-বিসিবির

বিপিএল নিয়ে যে আলাপ হয়েছে কোয়াব-বিসিবির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:৪৩ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:৪৪

সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম ইকবাল আগেও বলেছিলেন, জোড়াতালি দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চান না। সেজন্য আগামী বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিমের বোর্ড। বিসিবির সেই সিদ্ধান্তের সঙ্গে একাত্মা প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে সেই সময় নতুন একটি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিয়েছেন কোয়াবের প্রতিনিধিরা।

আজ এই ব্যাপারে আলোচনায় বসেছিল বিসিবি এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। মিরপুরে  বিসিবির সঙ্গে সেই সভায় কোয়াবের প্রতিনিধি হিসেবে ছিলেন নাসির, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি ও মার্শাল আইয়ুবের মতো ক্রিকেটাররা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির।

নাসির হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘প্রথমেই বলি যে এই ক্রিকেট বোর্ড কিন্তু শুরু থেকেই প্লেয়ারদের সাথে ছিল এবং আছে। আমরা বিপিএল নিয়েই কথা বলেছি যে কেন হবে না। বোর্ড এটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে কেন হবে না। বিপিএলের জায়গায় আমরা কী করলে প্লেয়ারদের জন্য ভালো হয়, প্লেয়াররা কিন্তু আর্থিক দিক থেকে একটু সমস্যায় পড়ে যাবে বিপিএল না হলে। এই জায়গায় বোর্ড কী করতে পারে এসব নিয়েই আলোচনা করেছি। তারা কিছু প্রস্তাব দিয়েছে, আমরা কিছু দিয়েছি। এখনও ফাইনাল হয়নি। সামনে আবার বসব আমরা।’

জানুয়ারির ওই সময়ে একটা টুর্নামেন্ট চান নাসিররা। তিনি বলেন, ‘আমরা তো ব্যস্ত থাকব, বিভিন্ন ধরনের খেলা আছে। বিপিএল যেহেতু দেড় মাসের, আমরা চাচ্ছিলাম যদি একটা টুর্নামেন্ট হয় ওই সময় তাহলে জিনিসটা খুব ভালো হতো। কিন্তু এটা এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্ট হবে কি হবে না। আমি এটাই বারবার বলছি পরের মিটিংয়ে অনেকটা ক্লিয়ার ধারণা পাবেন যে আমরা কোন জায়গায় যাচ্ছি বা কী টুর্নামেন্ট হচ্ছে, খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে। এটা পরবর্তী মিটিংয়ে আমরা চূড়ান্ত করব।’

আরও পড়ুন

×