ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়’ বললেন সাবেক পাকিস্তানি তারকা

বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়’ বললেন সাবেক পাকিস্তানি তারকা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৫৬ | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ | ১৫:৫৭

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সমালোচনায় মুখ খুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হলেই কাউকে বড় খেলোয়াড় বলা যায় না। দলের বিপদের সময় ব্যাট হাতে দায়িত্ব নেওয়ার সামর্থ্যও থাকতে হয়।

দ্বিতীয় টেস্টে ফিরে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন বাবর। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৬ রান। তার এমন পারফরম্যান্সের পরই সমালোচনায় সরব হন বাসিত।

‘দ্য গেমপ্ল্যান শো’তে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘বড় খেলোয়াড় কাকে বলে? মজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাঈদ আনোয়ার, তারা এমনি এমনি কিংবদন্তি হয়ে যাননি। বিপদের দিনে যারা কাণ্ডারি হতে পারেন না, তাদের বড় খেলোয়াড় বলে লাভ কী? আপনার বড়ত্ব কি শুধু সোশ্যাল মিডিয়ায়? ভক্তদের পছন্দের তালিকায়?’

টেস্টে বাবরের দীর্ঘ সেঞ্চুরি-খরাও বাসিতের হতাশার কারণ। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংসের পর আর তিন অঙ্ক ছুঁতে পারেননি পাকিস্তানের এই ব্যাটার। বাবরকে উদ্দেশ করে বাসিত বলেন, ‘আর কবে সেঞ্চুরিটা করবে? এটা সত্যিই কষ্টের। যখন পুরো দেশের ব্যাটিং লাইনআপ তোমার দিকে তাকিয়ে থাকে, অন্তত অমন একটা শট খেলে আউট হওয়া তো তোমার সাজে না।’

শুধু বাবর নন, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের আউটের ধরন নিয়েও ক্ষুব্ধ বাসিত। রিজওয়ানের শটকে ‘পাড়ার ক্রিকেটের’ সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘রিজওয়ান ওটা কী শট খেলল? কোনো সাধারণ জ্ঞান কি ওর অবশিষ্ট নেই? ও কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি পাড়ার মোড়ের ক্রিকেট?’

আরও পড়ুন

×