ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিজাম হাজারী ও ব্যবসায়ী আবু রাজিবের আয়কর নথি জব্দ করবে দুদক 

নিজাম হাজারী ও ব্যবসায়ী আবু রাজিবের আয়কর নথি জব্দ করবে দুদক 
×

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ২১:৪২

সাবেক এমপি মো. নিজাম উদ্দিন হাজারী ও দ্রিনান অ্যাপারেলস লিমিটেডের এমডি মোহাম্মদ আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজের কাছে তাদের আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করলে আদালত জব্দের পক্ষে আদেশ দেন।

আদেশ অনুযায়ী, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চট্টগ্রাম) কর অঞ্চল-৩ থেকে নিজাম হাজারী ও ঢাকার কর অঞ্চল-৩ থেকে আবু রাজিব মারুফের আয়কর নথি জব্দ করা হবে। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর নিজাম হাজারী ও গত বছরের ২৩ ডিসেম্বর আবু রাজিব মারুফের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলা দুটি তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আয়কর আইন-২০২৩ এর ৩০৯ ধারার উপধারা ৩ এর বিধান অনুযায়ী, তাদের আয়কর নথি জব্দ করা হচ্ছে। 

নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, তার নামে ১৮ কোটি ৭২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে, যা তিনি ভোগ-দখলে রেখেছেন। নিজের মালিকানাধীন ব্যাবসাপ্রতিষ্ঠান ও নিজ নামের মোট ৮২টি ব্যাংক হিসাবে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করা হয়েছে। যা মানিলন্ডারিং অপরাধ।

মোহাম্মদ আবু রাজিব মারুফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জন ও তার ভোগ-দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে।
 

আরও পড়ুন

×