গৃহকর্মী নির্যাতন
ছোট্ট শরীরজুড়ে বড় বড় ক্ষত
গরম খুন্তি ও ইলেকট্রিক চুলায় ঝলসে দেওয়া হয় শরীর
খাগড়াছড়ির সদর হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া। সোমবার তোলা -সমকাল
বকুল আহমেদ, ঢাকা ও প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৭
| প্রিন্ট সংস্করণ
পিঠে গভীর ক্ষত, পায়ে ধরেছে পচন। মাথায় সেলাইয়ের দাগ। গরম খুন্তি আর ইলেকট্রিক চুলাতে ঝলসে দেওয়া হয়েছে শীর্ণ শরীর। বছরের বেশি সময় ধরে নির্যাতনের শিকার এই শিশু গৃহকর্মী ঠিকমতো নড়াচড়াও করতে পারছে না। বর্তমানে সে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
মেয়েটি ভালো খাবে, ভালো থাকবে– এ আশায় খাগড়াছড়ি থেকে ঢাকার একটি বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিলেন অসহায় বাবা বেলাল হোসেন। ধারণা করেছিলেন, ছোট্ট মেয়েটিকে কাজ করতে হলেও দুবেলা খেতে তো পারবে! নিরাপদে থাকবে গৃহকর্তার বাসায়। কিন্তু ১১ বছর বয়সী তানিয়ার কপালে জুটেছে দিনের পর দিন নির্মম নির্যাতন। কান্নার শব্দ যাতে বাইরে না যায়, সেজন্য ঘণ্টার পর ঘণ্টা তাকে বন্দি রাখা হতো বাথরুমে।
জানা যায়, গৃহকর্ত্রী মোর্শেদা আক্তার ছোটনের গ্রামের বাড়ি ফেনী। স্বামী-সন্তান নিয়ে থাকেন ঢাকার কাফরুলের পূর্ব শেওড়াপাড়ায়। মিরপুরের একটি স্কুলে তিনি শিক্ষকতা করেন। তাঁর স্বামী মো. রাসেলের মিরপুরে ল্যাপটপের দোকান রয়েছে। প্রায় দেড় বছর আগে তানিয়া ওই বাসায় গৃহকর্মীর কাজ শুরু করে। শিশুটিকে দীর্ঘদিন গৃহকর্ত্রী মোর্শেদা ও তাঁর মেয়ে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটির একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে তানিয়াকে বলতে শোনা যায়, ‘আমাকে বাসার সম্পূর্ণ কাজ করাইত। ঘর মোছা হইতে সব কাজ। আমারে বাথরুমে নিয়া দরজা বন্ধ কইরা রাখত। শুধু মারত। বাথরুম থেকে বের করার পরও বেটি (গৃহকর্ত্রী) আর তার মেয়ে মারত। কাজ করলেও মারত, না করলেও মারত। গরম খুন্তি হাতে-পায়ে-পিঠে চাইপা ধরত। ইলেকট্রিক চুলা দিয়েও ছ্যাঁকা দিত।’
প্রায় এক মাস আগে মাথায় আঘাতের কথাও জানায় তানিয়া। তার ভাষায়, এক মাস আগে গৃহকর্ত্রী মোর্শেদা তার মাথা ফাটিয়ে দেন।
মেয়ের সঙ্গে কথা বলার জন্য গৃহকর্ত্রী মোর্শেদার মোবাইল ফোনে কল দিতেন তানিয়ার বাবা বেলাল হোসেন। কথা বলতে না দিয়ে উল্টো ‘নাটক’ শুরু করতেন তিনি। বেলালের ফোন থেকে কল গেলেই তানিয়াকে বাথরুমে ঢুকিয়ে বাইরে থেকে দরজা আটকে রেখে ছোটন জানাতেন, তানিয়া বাথরুমে গেছে।
তানিয়ার ভাষায়, ‘বাপে ফোন দিলে কইত, তানিয়া ওয়াশরুমে। আমি শুনতে পাইতাম। বাপেরে আমার লগে একদম কথা কইতে দিত না। দরজা ধাক্কাইয়া কইত, তানিয়া তোর বাপে কল দিছে। আবার বাপেরে কইত, তানিয়া ওয়াশরুমে, বের হইতে সময় লাগবে।’
নির্যাতনের শিকার মেয়েটির দাবি, ‘বেটিকে আপনারা মারলে আমি শান্তি পাব। আমার ওপর যে নির্যাতন হইছে, তার বিচার চাই।’
তানিয়াদের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলী ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে। প্রায় পাঁচ বছর আগে তার মা মারা গেছেন। স্ত্রী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে বেলালের সংসারে আরও অভাব নেমে আসে। তখন স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ছিল তানিয়া।
দেড় বছর আগে তানিয়াকে গৃহকর্মীর কাজে ঢাকায় পাঠিয়েছিলেন দিনমজুর বাবা বেলাল। কিন্তু যে আশায় মেয়েটি বাড়ি ছেড়েছিল, সে আশা পূরণ হয়নি। সুস্থ শরীরে বাসা ছেড়ে ঢাকায় এসে ফিরে যেতে হয়েছে ক্ষত-বিক্ষত, পোড়া শরীর নিয়ে।
জানা যায়, কয়েকদিন আগে মাথায় এবং থুতনিতে গুরুতর আঘাত করার পর তানিয়াকে ঢাকা থেকে এক স্বজনের মাধ্যমে ফেনীতে পাঠানো হয়। পরে তানিয়ার বাবাকে ফোন করে ফেনী থেকে মেয়েকে নিয়ে যেতে বলেন মোর্শেদা। বেলাল মেয়েকে নিয়ে শুক্রবার রাতে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন।
সরেজমিন খাগড়াছড়ি হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেঝেতে শুয়ে আছে তানিয়া। তার চোখে-মুখে ভয়ের ছাপ। ছোট্ট শরীরটির বিভিন্ন স্থানে পোড়া ও আঘাতের চিহ্ন। দীর্ঘদিনের অপুষ্টিতে শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকাও তার পক্ষে সম্ভব হচ্ছে না।
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপল বাপ্পী চাকমা বলেন, শিশুটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। এসব ক্ষত দীর্ঘদিন ধরে নির্যাতনের কারণে হয়েছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি।
এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) মিসবাহ উদ্দিন বলেন, ঘটনাস্থল ঢাকায়। এ কারণে তাঁর থানায় মামলা নেওয়ার সুযোগ নেই।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, দেশের যে স্থানেই অপরাধ হোক, খাগড়াছড়ি থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে ঢাকার সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে পারে।
কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম সমকালকে জানান, সোমবার তিনি বিষয়টি শুনেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁকে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। মেয়েটির বাবার সঙ্গে গতকাল তিনি যোগাযোগ করে তাঁকে ঢাকায় আসতে বলেছেন।
মন্তব্য নেওয়ার জন্য গৃহকর্ত্রী মোর্শেদা আক্তারের সঙ্গে গতকাল সন্ধ্যায় মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। স্কুলে আছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। পরে একাধিকবার কল করা হলেও ধরেননি।
- বিষয় :
- গৃহকর্মী নির্যাতন
- শিশু
- শিশুকে নির্যাতন