এসএসএফের সাবেক প্রধান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪৭
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশন মামলা দু’টির অনুমোদন দিয়েছে। শিগগির মামলা দু’টি দায়ের করা হবে। দুদকের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।
দুদকের অনুসন্ধান থেকে জানা গেছে, এসএসএফের সাবেক এই মহাপরিচালক পাবলিক সার্ভেন্ট হিসেবে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে রেখেছেন। অনুসন্ধানকালে প্রতীয়মান হয় যে, মজিবুর রহমান জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ দুই কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের সম্পত্তির মালিক হয়েছেন। অসাধু উপায়ে অর্জন করা ওই সম্পদ ভোগ-দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪-এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা লঙ্ঘন করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া তার স্ত্রী তাসরীন মুজিব স্বামীরর সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সাত কোটি ৫২ লাখ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। অসাধু উপায়ে অর্জন করা সম্পদ ভোগ-দখলে রেখে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
- বিষয় :
- দুদক