ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

লালমনিরহাটে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৩

লালমনিরহাটে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা মুজতানিবা ফায়রুজ আরবা।

বৃহস্পতিবার শহরের নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশ নেয়।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট কলেজিয়েট স্কুল এবং নয়ারহাট উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মোমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন নর্দান প্রি-ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুলের মাস্টারপাড়া শাখার অধ্যক্ষ রাওয়ানা মার্জিয়া।

প্রধান অতিথির বক্তব্যে একেএম মোমিনুল হক বলেন, সমকালের এ ধরনের আয়োজনে জেলা পরিষদ পাশে থাকবে। প্রয়োজনে অনুষ্ঠান আয়োজনের জন্য জেলা পরিষদের মিলনায়তন ভাড়া দেওয়ারও আশ্বাস দেন তিনি।

মডারেটরের দায়িত্ব পালন করেন আদিতমারী কান্তেশ্বর বর্মন বালিকা বিদ্যালয় ও কলেজের সরকারি অধ্যাপক এসএম আবু হাসনাত রানা। বিচারক ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শফিকুর রহমান, প্রভাষক মিঠু রানা এবং শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সগীর আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি ও সাপ্টবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ মন্ডল।

আরও পড়ুন

×