ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়

কুষ্টিয়ায় বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়
×

ছবি- সমকাল

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৩৯

কুষ্টিয়ায় সমকাল-বিএফএফ আয়োজিত জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়। রানারআপ হয়েছে বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা সুমাইয়া ইয়াসমিন।

বৃহস্পতিবার মেরিট মডেল স্কুল অডিটরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দল এতে অংশ নেয়।

চ্যাম্পিয়ন দলের হয়ে বিতর্কে অংশ নেন রাফি আহমেদ নিশাত, প্রিয়ন্তী কুন্ডু জয়ীতা ও সুমাইয়া ইয়াসমিন। রানারআপ দলের পক্ষে ছিলেন সুষমা খাতুন ভাবনা, জাবিন রহমান তোহা ও সুমাইয়া সামিয়া।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিলে শিক্ষার্থীরা নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। তাই নবীন শিক্ষার্থীদের আরও দক্ষ হতে হবে এবং পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে। সমকালের এ আয়োজনের মাধ্যমে গ্রামের বিদ্যালয়গুলোও অংশ নিয়ে নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে।

বিশেষ অতিথি কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বসীর উদ্দিন বলেন, সমকাল প্রতিবছর এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। শহরের পাশাপাশি গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য দলগুলো হলো সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়, দিনমনি মাধ্যমিক বিদ্যালয়, দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বেগম হামিদা সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজ, রণজিতপুর মাধ্যমিক বিদ্যালয় ও বাড়াদী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

বিচারকের দায়িত্ব পালন করেন ইসলামিয়া কলেজের ড. পারভীন আক্তার, প্রভাষক ইমদাদুল ইসলাম, প্রকৌশলী নজরুল ইসলাম ও সরকারি মহিলা কলেজের শিক্ষক আশরাফ হোসেন। মডারেটর ছিলেন ইমাম মেহেদী ও অ্যাডভোকেট শামীম রানা।

সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা অনুষ্ঠান সঞ্চালনা করেন। সহযোগিতা করেন সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক এসএম পারভেজ ও সদস্য ইমরান হোসেন।

আরও পড়ুন

×