ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পর্যটন বাড়াতে যোগাযোগে উন্নয়ন দরকার

পর্যটন বাড়াতে যোগাযোগে উন্নয়ন দরকার
×

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০ | ২৩:২০

পর্যটন খাতকে উৎসাহিত করতে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন করতে হবে। এ ক্ষেত্রে সবচেয়ে ভালো মাধ্যম হতে পারে অভ্যন্তরীণ আকাশপথের যোগাযোগ। পরিবেশ ও প্রকৃতির ক্ষতি না করেও এ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান সুন্দরবনের পাশে একটি বিমানবন্দরের দাবি করা হলেও আজ অবধি তা হয়নি।

অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কক্সবাজারে এখন আর শুধু সমুদ্রসৈকত দেখতে পর্যটকরা আসবেন না। সেখানে বিনোদনের নানা ব্যবস্থা রাখতে হবে। অন্যান্য দেশ পর্যটন বিকাশে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সে অনুযায়ী পরিকল্পনা করে উদ্যোগ নিতে হবে।

কক্সবাজারে এক মতবিনিময় সভায় এমন অভিমত ব্যক্ত করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। ঢাকা থেকে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে সম্প্রতি পর্যটন নগরীর হোটেল প্রাসাদ প্যারাডাইসে এ মতবিনিময়কালে এয়ারলাইন্সটির হেড অব মার্কেটিং অ্যান্ড সেসল মেস-বাহ-উল ইসলাম, সিনিয়র ম্যানেজার একেএম মাহফুজুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওই দিন সুবিধাবঞ্চিত শিশুদের উড়োজাহাজে ভ্রমণের স্বপ্ন পূরণ করে নভোএয়ার। স্কুলপড়ুয়া বিভিন্ন বয়সের ২০ শিশুকে সকালের ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে নেওয়া হয়। পরে সমুদ্রসৈকত ও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরিয়ে বিকেলের ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

মফিজুর রহমান বলেন, আকাশপথে সহজ যোগাযোগের কারণে বিশ্বব্যাপী পর্যটন জনপ্রিয় হয়েছে। এমন অনেকে আছেন সকালের ফ্লাইটে কক্সবাজারে গিয়ে সমুদ্রসৈকতে সময় কাটিয়ে আবার বিকেলের ফ্লাইটে ঢাকায় ফেরেন। সময় বাঁচাতে এভাবে উড়োজাহাজে করে বিভিন্ন স্থানে যান। এসব বিবেচনায় বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে। এ ছাড়া চট্টগ্রাম, যশোর ও সৈয়দপুর ৫টি করে, সিলেট ২টি, রাজশাহী, বরিশাল ও কলকাতা ১টি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বেসরকারি এয়ারলাইন্সটির এমডি আরও বলেন, সরকারের নীতি সহায়তা এবং বিমান বাংলাদেশের মতো সমান সুযোগ পেলে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো সম্ভব। তিনি বলেন, দুঃখের বিষয় রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ বিদেশি ফ্লাইটের সঙ্গে প্রতিযোগিতা না করে অভ্যন্তরীণ বিমানের সঙ্গে প্রতিযোগিতা করে। যদিও তাদের পরিচালন ব্যয় অনেক কম। শুধু জ্বালানি খরচ বিবেচনাতেও তারা এগিয়ে। বিমান বাংলাদেশ প্রতি লিটার জেট ফুয়েল কেনে ৬২ টাকায়, সেখানে বেসরকারি এয়ারলাইন্সকে কিনতে হয় ৭২ টাকায়।

নভোএয়ারের এমডি আরও বলেন, সুন্দরবন ও কক্সবাজারের বাইরে দেশে পর্যটনের অন্যান্য আকর্ষণীয় স্থানের মধ্যে রয়েছে বান্দরবন, খাগড়াছড়ি, কুয়াকাটা সমুদ্রসৈকত, সিলেটের জাফলং, রাতারগুল, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। এসব স্থানের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। অনেক ক্ষেত্রে দর্শনীয় স্থান থেকে অনেক দূরে বিমানবন্দর। কিছু স্থানের আশপাশে তাও নেই। আবার ভালো থাকা বা বিনোদনের ব্যবস্থাও নেই। এসব বিষয়ে সরকারকে ভাবতে হবে। অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। উদারহণ হিসেবে তিনি প্রাকৃতিক সৌন্দর্যেঘেরা জাফলংয়ের কথা বলেন। তিনি বলেন, পাথর ভাঙ্গার শব্দদূষণে এখন সেখানে সময় কাটানো দায়।

আরও পড়ুন

×