ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকার জন্য পুরস্কৃত ‘নগদ’
ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী পুরস্কার তুলে দেন -সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০ | ০৬:০০
দেশে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ডাক অধিদপ্তর ও ‘নগদ’কে যৌথভাবে পুরস্কৃত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
গত শনিবার ডিজিটাল বাংলাদেশ মেলা ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থমন্ত্রী এই পুরস্কার দেন।
অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। এ সময় অর্থমন্ত্রী ‘নগদ’ এর বিভিন্ন উদ্যোগ ও সেবার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, স্বাগত বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান।
মাত্র ১০ মাসের পথচলায় ‘নগদ’এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। আত্মপ্রকাশের এই অল্প সময়ের মধ্যে ‘নগদ’ প্রতিদিন ১০০ কোটি টাকা লেনদেন করছে, যা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মোবাইল ব্যাংকিংয়ে নজিরবিহীন। এ ছাড়া ‘নগদ’ ও রবি আজিয়াটা লিমিটেড ৫ কোটি মানুষকে অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আনার প্রক্রিয়া শুরু করেছে, এটিও সারা বিশ্বে এই প্রথম।
- বিষয় :
- নগদ
- অর্থমন্ত্রী
- আ হ ম মোস্তফা কামাল
