সেমিনারে বিশেষজ্ঞরা
সুনীল অর্থনীতিতে গুরুত্ব দিতে হবে
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ১২:০৯ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ১২:০৯
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে 'ব্লু ইকোনমি' বা সুনীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা মনে করেন, ভারত এবং মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর এখন এর উন্নয়ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইনস্টিটিটের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব মো. খোরশেদ আলম, বিআইআইএসএসের মহাপরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান প্রমুখ।
প্রতিমন্ত্রী শামসুল আলম ২০৪১ সালের ডেলটা প্ল্যানে সমুদ্রকে ঘিরে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, গত এক দশকে সরকার মিয়ানমার ও ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি করেছে। এর পরপরই উন্নয়নের নতুন ক্ষেত্র হিসেবে ব্লু ইকোনমিকে সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে। শিপিং, কোস্টাল শিপিং, সমুদ্রবন্দর নির্মাণ, জাহাজ নির্মাণ ও মেরামত, মাছ আহরণ, লবণ উৎপাদন, উপকূলকেন্দ্রিক পর্যটনসহ সমুদ্রকেন্দ্রিক বিভিন্ন বিষয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে।
তিনি সুনীল অর্থনীতির জন্য একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা কিংবা একে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃথক বিভাগ হিসেবে অন্তর্ভুক্তির প্রস্তাব দেন।
খোরশেদ আলম বলেন, 'ব্লু ইকোনমি' এবং 'মেরিটাইম সিকিউরিটি' দুটি আলাদা বিষয় হলেও এই দুটি বিষয় সমানভাবে গুরুত্বপূর্ণ। সারাবিশ্বের সমুদ্রের মোট ১০ শতাংশের মধ্যেই ২৪ ট্রিলিয়ন ডলার সমমান সম্পদ রয়েছে। এর মধ্যে মাত্র ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ মানুষ ব্যবহার করছে। বাংলাদেশেরও সুযোগ রয়েছে এসব সামুদ্রিকসম্পদ ব্যবহার করার। সুতরাং এ দেশের সমুদ্র অর্থনীতি টেকসই করতে সচেষ্ট হতে হবে।
উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে কার্যকরী অধিবেশন হয়। এতে 'মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজি ইন দ্য বে অব বেঙ্গল' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও পিএসসির সদস্য দেলোয়ার হোসেন।
এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ 'ব্লু ইকোনমি অ্যান্ড ওশন গভর্ন্যান্স :বাংলাদেশ পারসপেকটিভ', বিআইআইএসএসের রিসার্চ ডিরেক্টর ড. মাহফুজ কবির 'বাংলাদেশ'স ইকোনমিক প্রসপেক্ট ইন দ্য বে অব বেঙ্গল' এবং রিসার্চ ফেলো মৌটুসী ইসলাম 'নেপাস বিটুইন মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড ব্লু ইকোনমি :ইম্পিল্গকেশনস ফর বাংলাদেশ ইন পোস্ট-কভিড এরা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
- বিষয় :
- এসডিজি
- ব্লু ইকোনমি
- সমুদ্রসীমা
- অর্থনীতি
