ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইভ্যালি চেয়ারম্যানের দাবি, ব্যবসায় প্রতারণা ছিল না

ইভ্যালি চেয়ারম্যানের দাবি, ব্যবসায় প্রতারণা ছিল না
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২ | ২০:৫২ | আপডেট: ০৬ অক্টোবর ২০২২ | ২০:৫৪

আলোচিত-সমালোচিত ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালির সহপ্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীমা নাসরিন দাবি করেছেন, প্রতিষ্ঠানটির ব্যবসায় কোনো ধরনের প্রতারণা ছিল না। আগামী এক বছর নিরবচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারলে প্রথম বিনিয়োগ থেকেই সকল দেনা পরিশোধ করা সম্ভব বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইভ্যালি। কীভাবে ব্যবসা পরিচালনা হবে তার বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশের ই-কমার্স আকার অনুযায়ী ইভ্যালি মাল্টিবিলিয়ন ডলার বিনিয়োগ তোলার সক্ষমতা রাখে দাবি করে শামীমা নাসরিন বলেন, 'আমরা মনে করি ইভ্যালির ৪৫ লাখ ক্রেতা ও ৩০ হাজার বিক্রেতা দৈনন্দিন প্রয়োজনে নিয়মিত কেনাকাটা করলে সহজেই দেশি-বিদেশি বিনিয়োগ আসা সম্ভব। অনেকেই হয়তো অবগত আছেন, ইভ্যালিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের সঙ্গে আমরা আগেও কথা বলেছি। তারই ধারাবাহিকতায় সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করার সুযোগ তৈরি হলে খুব সহজেই বিনিয়োগ আনা সম্ভব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।'

তিনি বলেন, 'আমাদের সবচেয়ে বড় ভুল ছিল সঠিক সময়ে বিনিয়োগ না বাড়ানো এবং গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের অর্থ বকেয়া রেখে ব্যবসা গড়ে তোলা। কিন্তু সেখানে কোনো প্রতারণা ছিল না। আপনারা বাড়ি নির্মাণের জন্য অগ্রিম অর্থ দেন। ডেভেলপার যদি সময়মতো বাড়ি না দেয় তাহলে এটা অন্যায়। কিন্তু এই ব্যবসাকে অন্যায্য বলা ঠিক নয়। আমাদের পরিকল্পনা ছিল ভবিষ্যৎ লাভ দিয়ে প্রথম দিকের দায় পরিশোধ করা। আমরা মনে করি এই পরিকল্পনায় আমাদের ভুল ছিল। এই যাত্রায় আমরা প্রথম দিন থেকেই লাভে পণ্য বিক্রি করব।'

আরও পড়ুন

×