ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

করোনাভাইরাস: দিনে ৩৫ লাখ টাকার ক্ষতি বেবিচকের

করোনাভাইরাস: দিনে ৩৫ লাখ টাকার ক্ষতি বেবিচকের
×

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২০ | ০৯:২৮ | আপডেট: ১৬ মার্চ ২০২০ | ০৫:৪৯

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে বাংলদেশে দেশি-বিদেশি ফ্লাইটের সংখ্যা কমে গেছে। এ কারণে দিনে প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব আয় কম হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বেবিচকের সদর দপ্তরের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। কোন এয়ারলাইন্স যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশ নিয়ে আসে তবে ওই এয়ারলাইন্সকে নিজ খরচে সে যাত্রীকে ফিরিয়ে নিতে হবে। জরুরি প্রয়োজনে কাউকে বাংলাদেশ আসতেই হলে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত ও স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র নিয়ে আসতে হবে। 

বেবিচক চেয়ারম্যান বলেন, আগে প্রতিদিন দেশে অন্তত ১২০টি ফ্লাইট অবতরণ করত। করোনাভাইরাসের প্রভাবে সেটি ৩৮-এ নেমে এসেছে। এতে দিনে সরকার প্রায় ৩৫ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রাজস্ব আয় আরও কমবে বলে জানান তিনি।

মফিদুর রহমান আরও বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিমানবন্দরে কর্মীদের পাশাপাশি সারাধারণ যাত্রীদেরও নিয়মিত সচেতন করা হচ্ছে। যাত্রী চলাচলের জায়গা ও টয়লেট নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য নিরাপত্তা শহীদুজ্জামান ফারুকী, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর, হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এইচএম তৌহিদুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×