‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ প্রকল্পে গুলশান মডেল স্কুলে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:১৭
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (লেইস) প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার ওমর সাদাত, গুলশান সোসাইটির সভাপতি এবং প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ইসরাত জাহান। তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে গাছ তুলে দেওয়ার উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ বাংলাদেশ গড়তে উদ্বুদ্ধ করবে।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তারা শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রুবেল মাহমুদ প্রধান অতিথি, বিশেষ অতিথি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এ সময় গুলশান সোসাইটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, খাদেম রাইয়ান মোহাম্মদ সাদিদ, জাফরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- গাছ
