ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এমএফএসে পেনশনের চাঁদায় সার্ভিস চার্জ হাজারে ৭ টাকা

এমএফএসে পেনশনের চাঁদায় সার্ভিস চার্জ হাজারে ৭ টাকা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:০০

সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিশোধ করতে পারবেন গ্রাহক। তবে এ জন্য সার্ভিস চার্জ দিতে হবে শূন্য দশমিক ৭০ শতাংশ হারে। অর্থাৎ কেউ স্কিমে ১ হাজার টাকা জমা দিলে তাঁকে চার্জ দিতে হবে ৭ টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সার্কুলার জারি করে এমএফএসগুলোর ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচির জন্য সব এমএফএস প্রতিষ্ঠানের ক্ষেত্রে অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে। এতে বলা হয়, অনলাইনে রেজিস্ট্রেশন করে সর্বজনীন পেনশনের যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হওয়া যাবে।

ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইলে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে। সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সর্বজনীন পেনশন স্কিমেও এই সেবার চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পার্সন টু গভর্নমেন্ট (পিটুজি) পদ্ধতিতে পেনশনের জন্য চাঁদা জমা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

বিধিমালা অনুযায়ী, এ কর্মসূচিতে যুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন গ্রাহক।

আরও পড়ুন

×