ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বিদেশি কর্মীর বেতনের ৭৫ শতাংশ এফসি অ্যাকাউন্টে দিতে হবে

বিদেশি কর্মীর বেতনের ৭৫ শতাংশ এফসি অ্যাকাউন্টে দিতে হবে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২০ | ১০:১২

বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীর বেতনের ৭৫ শতাংশ বৈদেশিক মুদ্রা (এফসি) অ্যাকাউন্টে দিতে হবে। বেতনের বাকি ২৫ শতাংশ দিতে হবে আলাদা টাকা অ্যাকাউন্টে। নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে এই অর্থ খরচ করতে পারবেন ওই বিদেশি কর্মী। বৈদেশিক মুদ্রা হিসাব তদারকির সুবিধার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) ব্যাংকগুলোতে পাঠানো হয়।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশে বিদেশি কোম্পানির শাখা, লিঁয়াজো অফিস, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), অর্থনৈতিক অঞ্চল (ইজেড) বা হাইটেক পার্কে অবস্থিত কোম্পানিতে কর্মরত বিদেশি নাগরিকরা মোট বেতনের সর্বোচ্চ ৭৫ শতাংশ অন্য দেশে পাঠাতে পারেন। আর বেতনের অন্তত ২৫ শতাংশ বাংলাদেশে খরচ করতে হয়। তবে বর্তমানে কোম্পানিগুলো বিদেশি কর্মীর বেতনের পুরো অর্থ তার নামে খোলা বৈদেশিক মুদ্রা হিসাবে দেয। এতে করে অনুমোদিত সীমার চেয়ে চেয়ে বেশি বাইরে পাঠালে বা খরচ করলে তদারকি করা ব্যাংকগুলোর জন্য জটিল হয়ে পড়ে। এরকম প্রেক্ষাপটে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, এখন থেকে বাংলাদেশে কর্মরত প্রবাসী কর্মীর মাসিক বেতনের ৭৫ শতাংশ সমপরিমাণ বৈদেশিক মুদ্রা এফসি অ্যাকাউন্টে দিতে হবে। এফসি অ্যাকাউন্টে জমা অর্থ বাইরের রেমিট্যান্স হিসেবে বিবেচিত হবে। ফলে এ সংক্রান্ত বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুসরণ করতে হবে ব্যাংকগুলোকে। এই অ্যাকাউন্টের বিপরীতে অনুমোদিত সীমার আলোকে ব্যাংকগুলো ডেবিট বা প্রিপেইড কার্ড ইস্যু করতে পারবে। আর এই নির্দেশনার জারির মাধ্যমে ইতিপূর্বে জারি করা এ সংক্রান্ত দু’টি সার্কুলার বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

×