ব্যাংকের পরিচালক পদ হারালেন সাঈদ হোসেন ও ফিরোজ আলম
সাঈদ হোসেন ও ফিরোজ আলম -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১০:৩৩
খেলাপি ঋণ থাকার কারণে পদ হারিয়েছেন দুটি ব্যাংকের পরিচালক। তারা হলেন- ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরী এবং মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ.এস.এম. ফিরোজ আলম। রোববার ব্যাংক দুটিকে এ সংক্রান্ত চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সমকালকে বলেন, ব্যাংক কোম্পানি আইনের আলোকে ঋণখেলাপি কোনো ব্যক্তি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারেন না। তারা দুজন ঋণখেলাপি হওয়ায় পরিচালক থাকার যোগ্যতা হারিয়েছেন। বিষয়টি জানিয়ে ওয়ান ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে। কেউ ব্যাংকের পরিচালক না থাকলে চেয়ারম্যান পদে থাকার প্রশ্নই আসে না।
জানা গেছে, ঋণখেলাপির দায়ে সাঈদ হোসেন চৌধুরীকে অপসারণের বিষয়ে বেশ আগে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই অপসারণাদেশের বিরুদ্ধে আদালতে যান তিনি। তবে সম্প্রতি আদালত থেকে সেই মামলা নিস্পত্তি হয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের অপসারণের আদেশ বহাল হয়েছে। এখন নতুন করে ওয়ান ব্যাংককে চিঠি দিয়ে সাঈদ হোসেন চৌধুরীকে সরিয়ে দিতে বলা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়। সাঈদ হোসেনের মালিকানাধীন এইচআরসি গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লাইনস স্ট্যান্ডার্ড ব্যাংকে প্রায় ১২২ কোটি টাকার ঋণ খেলাপি বলে জানা গেছে।
কোম্পানি আইনের বাধ্যবাধকতার কারণে প্রতিবছর সব ব্যাংকের এক তৃতীয়াংশ পরিচালককে পদত্যাগ করতে হয়। সে অনুযায়ী ব্যাংকটির ৪ জন পরিচালক পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী পদত্যাগ করা পরিচালকদের পুনরায় নিয়োগের অনাপত্তি চেয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। কেন্দ্রীয় ব্যাংক এ কে এম সাহেদ রেজা, মোশাররফ হোসেন এবং এম আমানুল্লাহর অনাপত্তি দিলেও খেলাপি ঋণ থাকার কারণে ফিরোজ আলমকে পরিচালক হওয়ার অযোগ্য বলে চিঠি দেয়। ফিরোজ আলম একটি ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি বলে জানা গেছে।
- বিষয় :
- ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক