ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২০ | ১১:২০

গ্রাহকের অর্থ আত্মসাতের দায়ে আটক ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক মো. শহীদ উল্লাহসহ প্রতিষ্ঠানটির অন্য পরিচালক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। একই সাথে তাদের লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য বৃহস্পতিবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি সব ব্যাংকে এ সংক্রন্তি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বিএফআইইউর চিঠিতে মো. শহীদ উল্লাহ ছাড়াও তার স্ত্রী ও ক্রেস্ট সিকিউরিটিজের পরিচালক সুলতানা নুপুর, তার ভাই ও পরিচালক মো. ওয়াহিদুজ্জামান এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব আগামী ৩০ দিনের জন্য জব্দের আদেশ দেওয়া হয়েছে। সেখানে তার পিতা নুরুজ্জামান এবং মা সাকিনা বেগম, শ্বশুর সৈয়দ আহমেদ ভুইয়া এবং শ্বাশুড়ি শামছুন্নাহারের নামও উল্লেখ রয়েছে।

বিও অ্যাকাউন্টধারীর ১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানাকে গত সোমবার আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এই সদস্য প্রতিষ্ঠানটিতে ২২ হাজার গ্রাহক রয়েছে। গ্রেপ্তারের পর ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে গ্রাহকের শেয়ার কেনাবেচার ১০০ কোটি টাকা জমা ছিল। সেই টাকা আত্মসাতের টার্গেট ছিল তাদের। ১৮ কোটি টাকা তুলেও ফেলেছিল। পুরো অর্থ তুলে নেওয়ার আগেই ডিবির অভিযানে বিষয়টি ধরা পড়ে।

অন্যদিকে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই সনদ দেওয়ায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের লেনদেন খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বিএফআইইউ। শিগগিরই সব ব্যাংকে চিঠি দিয়ে তথ্য চাওয়া হবে। সেখানে অস্বাবিক কোনো লেনদেনের তথ্য পেলে আইন শৃংখলা বাহিনীকে দেওয়া হবে।

 প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের নামে মামলা হয়েছে। আটজনকে আটক করলেও সাহেদসহ নয়জন আছেন ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন

×