ব্যাংক এশিয়ার ৪৮০ কোটি টাকার খেলাপি
আমান গ্রুপের চার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ১৯:১০
ব্যাংক এশিয়ার ৪৮০ কোটি টাকার ঋণখেলাপির মামলায় আমান গ্রুপের চার পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ব্যাংকটির আবেদনে আজ বৃহস্পতিবার ঢাকার অর্থঋণ আদালত–৫ এর বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন– আমান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক মো. শফিকুল ইসলাম, মো. তৌফিকুল ইসলাম ও মো. তরিকুল ইসলাম। তারা যেন দেশ ছাড়তে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপারকে আদালত নির্দেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আমান গ্রুপের খেলাপি ঋণ আদায়ে ঢাকার অর্থঋণ আদালতে মোট ৭টি মামলা করে ব্যাংক এশিয়া। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির নামে দায়ের করা অর্থঋণ মামলায় দুই পক্ষের শুনানি শেষে চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। আমান গ্রুপ কয়েক দফা পুনঃতপশিল সুবিধি নেওয়ার পরও ঋণ পরিশোধ না করায় ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিবাদীরা যেন দেশত্যাগ করতে না পারেন সে জন্য ইমিগ্রেশন পুলিশের বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ইউসিবির দায়ের করা অপর এক মামলায় ঢাকা অ্যালুমিনিয়ম ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম জাকারিয়া হোসাইন চৌধুরীর বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত–৫ এর বিচারক মুজাহিদুর রহমান।
আমান গ্রুপের মালিকানায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড মিলস ও আমান কটন ফাইবার্সসহ আমান টেক্স, আমান সিমেন্ট মিলস, আমান ট্রেডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০২২ সালে প্রতারণার মামলায় জেল খাটেন রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও তৌফিকুল ইসলাম। যমুনা ব্যাংকের রাজশাহী শাখা থেকে মেসার্স আরএসএন্ডটি ইন্টারন্যাশনালের নামে ৮৮ কোটি টাকা ঋণ নেয় তারা। এর বিপরীতে ১১৩ শতক জমি বন্ধক রাখা হয়। ঋণ নেওয়ার পর জালিয়াতির মাধ্যমে সেই বন্ধকি সম্পত্তি অন্যত্র হস্তান্তর করেন। ২০১৯ সালে যমুনা ব্যাংক প্রতারণার মামলা করে। এই মামলায় ২০২২ সালের ২৩ মে রাজশাহীর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা না মঞ্জুর করে জেলে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন বলে জানা গেছে।
- বিষয় :
- আদালত
- দেশত্যাগে নিষেধাজ্ঞা
