ব্যবসায়ীদের ই-রিটার্ন ব্যবহারের আহ্বান ডিসিসিআই সভাপতির
তাসকীন আহমেদ
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:৪৯
ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে আয়কর ও ভ্যাট প্রদানে ব্যবসায়ী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল শনিবার ডিসিসিআই মিলনায়তনে ‘ব্যক্তিগত আয়কর ও ই-রিটার্ন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
কর্মশালার সূচনা বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি বলেন, কর রাজস্বের মাধ্যমে সরকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। তাই দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালীকরণে আয়কর জমা দেওয়া আমাদের প্রত্যেক নাগরিক ও ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব। তিনি জানান, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের জিডিপিতে আয়করের অবদান তুলনামূলকভাবে অনেক কম। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।
তাসকীন আহমেদ বলেন, সরকার কর প্রদান প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে ই-রিটার্ন ব্যবস্থার প্রবর্তন করেছে, যার মাধ্যমে কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ই-রিটার্ন প্রক্রিয়া ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাসহ ব্যবসায়ীদের কর প্রদানে এগিয়ে আসার ওপর তিনি জোর দেন।
কর্মশালায় আয়কর, মূল্য সংযোজন (ভ্যাট) এবং ই-রিটার্নের ওপর তিনটি সেশন অনুষ্ঠিত হয়। হাদি লুৎফুল অ্যান্ড কোং-এর সিইও লুৎফুল হাদি এফসিএ, বিজ সলিউশনসের মো. শফিকুল ইসলাম এফসিএ এবং স্নেহাশীষ মোহাম্মদ অ্যান্ড কোং-এর পার্টনার স্নেহাশীষ বড়ুয়া এফসিএ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কর্মশালায় ঢাকা চেম্বারের সদস্য প্রতিষ্ঠানের ৭০ জন প্রতিনিধি যোগ দেন। এ সময় ডিসিসিআই ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী এবং সহসভাপতি মো. সালিম সোলায়মান উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ই-রিটার্ন
