গ্রাহক সুরক্ষায় বৈশ্বিক স্বীকৃতি পেল ব্র্যাক মাইক্রোফাইন্যান্স
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে গ্রাহক সুরক্ষায় আন্তর্জাতিক পুরস্কার অর্জন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব,
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫ | ০৭:০৭
| প্রিন্ট সংস্করণ
গ্রাহক সুরক্ষা ও দায়িত্বশীল আর্থিক সেবায় আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘ক্লায়েন্ট প্রটেকশন সার্টিফিকেশন (সিপিসি) গোল্ড’ অর্জন করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই সম্মানজনক স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘মাইক্রোফাইনানজা রেটিং (এমএফআর)’।
গতকাল বৃহস্পতিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকবান্ধব সেবা, অতিরিক্ত ঋণ প্রতিরোধ, স্বচ্ছতা, ন্যায্যমূল্য নির্ধারণ, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অভিযোগ নিষ্পত্তির মতো আটটি আন্তর্জাতিক নীতিমালার ভিত্তিতে এ সনদ দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে স্থানীয় উদ্যোগের প্রসার জরুরি। ব্র্যাক একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বিশেষ অতিথি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব বলেন, ব্র্যাকের এই অর্জন শুধু প্রতিষ্ঠানের নয়, দেশের জন্যও গর্বের বিষয়।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, এ স্বীকৃতি আমাদের দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষদের কাছে পৌঁছে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে। তিনি আরও যোগ করেন, আমাদের লক্ষ্য কেবল আর্থিক সহায়তা নয়, মানুষের সার্বিক সক্ষমতা বৃদ্ধি।
- বিষয় :
- ব্র্যাক
