এলপিজির অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ১১:৩৫
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা মূল্য হঠাৎ বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়ছে। রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকে জানানো হয়— শীত মৌসুমে জাহাজ ভাড়া বৃদ্ধি, ইউরোপে জ্বালানি ব্যবহারের চাপ এবং সরবরাহ ব্যবস্থায় কিছু সাময়িক বাধার কারণে পরিস্থিতির প্রভাব পড়ছে। তবু দেশে এলপিজির বর্তমান মজুত সন্তোষজনক রয়েছে এবং আমদানি পর্যায়ে কোনো সিলিং আরোপের বিষয় নেই।
লোয়াবের বিবৃতিতে আরও জানানো হয়েছে, মজুত ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে কিছু খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করছেন। এতে ভোক্তারা হয়রানির শিকার হচ্ছেন এবং বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।
এ অবস্থায় অতিরিক্ত মূল্যে বিক্রি করা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে সংগঠনটি। ভোক্তা স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নজরদারি, আইন প্রয়োগ ও বাজার তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে লোয়াবের বিবৃতিতে।
সংগঠনটির মহাসচিব মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত ওই বিবৃতিতে এলপিজি খাতে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
- বিষয় :
- এলপিজি
- এলপিজির দাম
