এফবিসিসিআই-আইবিএফবি সভা
ব্যবসার পরিবেশ উন্নয়নে নৈতিকতার চর্চা জরুরি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
এলডিসি থেকে উত্তরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতার জন্য দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি পর্যায়ে ন্যায্যতা ও নৈতিকতার চর্চা করাসহ নীতি কাঠামোর সংস্কার জরুরি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত ‘বিজনেস ক্লাইমেট ইন বাংলাদেশ: ইস্যুজ অ্যান্ড চ্যালেঞ্জেস অব ইথিক্যাল প্র্যাকটিস’ শীর্ষক আলোচনা সভায় এমন মত উঠে আসে।
যৌথভাবে সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহিম খান। সভায় মূল প্রবন্ধে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, সফলভাবে এলডিসি উত্তরণ এবং টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে ব্যবসা-বাণিজ্যের পরিচালন ব্যয় কমানো, সরকারি এজেন্সিগুলোর সেবার মান ও কাজের গতি বাড়াতে হবে। সেবা দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের মধ্যে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করা জরুরি।
মুক্ত আলোচনায় ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে সরকারি এজেন্সিগুলোর কর্মদক্ষতা বৃদ্ধিসহ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইবিএফবির পরিচালক এম এস সিদ্দিকী বলেন, অনেক ক্ষেত্রেই সরকারের গৃহীত আইন ব্যবসা সহজীকরণ নীতির বিপরীতে যায়, যা বিনিয়োগকে নিরুৎসাহিত করে।
দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম সেবা পেতে হয়রানির শিকার হলে সুনির্দিষ্ট অভিযোগ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। পররাষ্ট্র সচিব ড. মু. নজরুল ইসলাম বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার একটি জটিল প্রক্রিয়া হলেও অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছে। এখন সবার মধ্যে আচরণগত সংস্কার খুবই জরুরি। স্বাগত বক্তব্য দেন আইবিএফবির সভাপতি লুতফুন নিসা সৌদিয়া খান। সমাপনী বক্তব্য দেন এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহিম খান।
- বিষয় :
- এফবিসিসিআই
