দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যুক্ত হলো নগদ, বিল পরিশোধ আরও সহজ
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:৪৫
দেশের আরো ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা যুক্ত হয়েছে নগদে। এর মাধ্যমে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) ২৪ জেলার মোট ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক নগদ অ্যাপ ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। নতুন সংযুক্তির মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির অর্ধেকের বেশি গ্রাহক এখন নগদের মাধ্যমে বিল দেয়ার সুবিধা পেলেন।
নগদ অ্যাপের ‘বিল পে’ ট্যাব থেকে ‘ইলেকট্রিসিটি’ অপশন নির্বাচন করে ‘আরইবি পোস্টপেইড’ সেবা ব্যবহার করলেই গ্রাহকেরা ঘরে বসে সহজ ও দ্রুত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এতে করে বিল পরিশোধে সময় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন করে যুক্ত হওয়া সমিতিগুলোর মধ্যে রয়েছে ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুর, বরিশাল, ভোলা, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, যশোর, ঝালকাঠি ও কক্সবাজার অঞ্চলের একাধিক পল্লী বিদ্যুৎ সমিতি। এর আগে নয়টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন।
বাংলাদেশের ৮০ ভাগ বিদ্যুৎ গ্রাহক আছেন আরইবির অধীনে। আর দেশের ৮ কোটির বেশি গ্রাহক আছেন নগদে। গ্রাহকের দৈনন্দিন সেবা সহজ করতে ২০২৩ সালে নগদ ও আরইবির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন যুক্ত হওয়া সমিতিগুলোর গ্রাহকেরাও এখন থেকে মুহূর্তেই নগদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- নগদ
