ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরেক মাস বাড়ল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:১১
| প্রিন্ট সংস্করণ
ব্যক্তির আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ব্যক্তি করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন আগামী ৩১ মার্চ পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে চার দফায় সময়সীমা বাড়ানো হলো। এর আগে সর্বশেষ সময়সীমা ছিল ২৮ ফেব্রুয়ারি।
সম্প্রতি আয়কর রিটার্ন জমার সময় আরও বাড়ানোর জন্য এনবিআরকে চিঠি দিয়ে অনুরোধ জানায় বিভিন্ন কর আইনজীবী ও ব্যবসায়ী সমিতি। সার্ভার ডাউন ও ধীরগতি, বিভিন্ন ধরনের কাগজ ও চালানের নম্বর ইনপুটে সমস্যা, নির্বাচন উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি, আয়কর আইনের ব্যাপক সংশোধন, দেরিতে আয়কর পরিপত্র পাওয়া, ই-রিটার্ন বিষয়ে করদাতা-আইনজীবীদের দক্ষতার অভাব, দেশের অর্থনৈতিক সংকটসহ ১৩টি কারণ দেখিয়ে সময় বাড়ানোর অনুরোধ করা হয়।
সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ায়। এবার কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের নিয়ম করা হয়েছে। এনবিআরের তথ্য বলছে, দেশে নিবন্ধিত করদাতা এক কোটি ২৩ লাখ। গত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা পড়েছে প্রায় ৩৯ লাখ। গত বছরে মোট রিটার্ন জমা পড়েছিল ৪৫ লাখ।
এবার সব করদাতাকে এনবিআরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে রিটার্ন জমা দেওয়া যাবে। অনলাইনে আয়কর রিটার্ন দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। শুধু প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য দিলেই হবে। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দেওয়া যাবে। যেমন– ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।
- বিষয় :
- আয়কর রিটার্ন
