অনলাইনে রিটার্ন দাখিল
আবেদন করলে আরও তিন মাস সময় বাড়বে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০৭:৩৫
| প্রিন্ট সংস্করণ
ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন। অর্থাৎ করদাতা রিটার্ন দাখিলের জন্য আরও তিন মাস সময় পাবেন। গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য এনবিআরের ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ ব্যক্তি-শ্রেণির করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪১ লাখ করদাতা রিটার্ন দাখিল করেছেন। এ বছর ব্যক্তি-শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন।
রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন এবং অতিরিক্ত সময়ের অনুমোদনের কাজ সহজ, দ্রুত, স্বচ্ছ এবং স্বস্তিদায়ক করতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতা এখন সহজেই ই-রিটার্ন সিস্টেমে লগইন করে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
করদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর কমিশনার অনলাইনেই আবেদন অনুমোদন অথবা নামঞ্জুর করবেন। করদাতার সময় বাড়ানোর আবেদন মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে তিনি কোনো জরিমানা বা অতিরিক্ত কর প্রদান ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তারা অনলাইনে অথবা সরাসরি সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
- বিষয় :
- রিটার্ন দাখিল
