আইএলওর অধিবেশন
শ্রমমান উন্নয়নে পদক্ষেপ তুলে ধরবে বাংলাদেশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ০৭:৪৫
| প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম পরিবেশ উন্নয়ন ও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্বাহী পর্ষদের অধিবেশনে তুলে ধরবে বাংলাদেশ। বিগত দিনের বেশ কিছু সাফল্যের কথাও তুলা ধরা হবে।
আইএলওর সদরদপ্তর সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় গত ২৩ মার্চ ১০ দিনের এই অধিবেশন শুরু হয়েছে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারসহ বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল অধিবেশনে যোগ দিয়েছেন। আইএলওর নির্বাহী পর্ষদের এটি ৩৫৬তম অধিবেশন। বছরে তিনবার এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন শ্রম সচিব। অধিবেশনে বাংলাদেশের মূল উপস্থাপনায় নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শ্রমমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হবে। শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সমকালকে বলেন, শ্রম খাত নিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর পক্ষ থেকে যেসব উদ্বেগ ছিল, সেগুলোর আলোকেই গত বছর ১৭ নভেম্বর শ্রম আইন সংশোধন অধ্যাদেশ জারি করা হয়েছে। এই অধ্যাদেশে শ্রম সংস্কার কমিশনের অনেক সুপারিশও আমলে নেওয়া হয়েছে। মূলত এসব পদক্ষেপের কথা তুলে ধরবে বাংলাদেশ। আপাতত এর বাইরে তেমন কোনো অগ্রগতি নেই।
আইএলওর মূল অধিবেশনের পাশাপাশি মন্ত্রী ও উপদেষ্টা বিভিন্ন দেশের শ্রমমন্ত্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আগামী ৪
এপ্রিল বাংলাদেশ প্রতিনিধি দলের দেশে ফেরার কথা রয়েছে।
- বিষয় :
- আইএলও
