২০২৫-২৬ অর্থবছর
দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে, শিল্পে মাত্র ১.২৭%
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ২০:২৯
চলতি ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আগের প্রান্তিকের তুলনায় কমেছে। সাময়িক হিসাবে দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ গত অক্টোবর-ডিসেম্বর সময়ে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক শূণ্য ৩ শতাংশ। প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত হিসাবে যা ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। আজ সোমবার এ সম্পর্কিত প্রদিবেদনটি প্রকাশ করেছে বিবিএস।
প্রতিবেদন অনুসারে, জিডিপির প্রধান তিনটি খাতের মধ্যে প্রবৃদ্ধির হার সবচেয়ে কম হয়েছে শিল্প খাতে। চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে সাময়িক হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২৭ শতাংশ। সংশোধিত হিসাবে প্রথম প্রান্তিকে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮২ শতাংশ।
সেবা খাতে প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কিছুটা কমেছে। সাময়িক হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৫ শতাংশ। এটি প্রথম প্রান্তিকে সংশোধিত হিসাবে ছিল ৪ দশমিক ৫১ শতাংশ। তবে আশার বিষয় হচ্ছে, কৃষি খাতের প্রবৃদ্ধি দ্বিতীয় প্রান্তিকে এসে বেড়েছে। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছিল ২ দশমিক ১১ শতাংশ।
গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতেও। এ প্ররিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
- বিষয় :
- জিডিপি
- প্রবৃদ্ধি
- পরিসংখ্যান বাংলাদেশ
