ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বেড়েছে কোরবানির গরুর চামড়ার দাম

বেড়েছে কোরবানির গরুর চামড়ার দাম
×

কোরবানির পশুর চামড়া। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ১৭:০৪ | আপডেট: ১৩ মে ২০২৬ | ১৭:৫৮

কোরবানির ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।

এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সাংবাদিকদের এ দাম জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

এদিকে এবার ছাগলের চামড়া- খাসি প্রতি বর্গফুট লবণযুক্ত ২৫ থেকে ৩০ টাকা এবং বকরি ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। যা ঢাকা এবং ঢাকার বাইরে কার্যকর হবে।  

এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, এবারও চামড়া সংরক্ষণের ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে দেবে সরকার। প্রতিটি এলাকায় ব্যবসায়ী ও মসজিদ মাদ্রাসায় চামড়া সংরক্ষণ হবে। 

এ সময় মন্ত্রী বলেন, আগামী কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা কাজ করছি। প্রতিটি জেলা এবং উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার লোকদের ডেকে এনে প্রশিক্ষণ দেবেন। তারা কোরবানির পরে চামড়া সংরক্ষণ করবেন।

আরও পড়ুন

×