ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মশালায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী

সৌরবিদ্যুতে পাঁচ বছরের কর অবকাশের কথা ভাবছে সরকার

সৌরবিদ্যুতে পাঁচ বছরের কর  অবকাশের কথা ভাবছে সরকার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৭:৪১

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সৌরবিদ্যুৎ এখন বিশ্বের অন্যতম প্রধান এজেন্ডা। বাংলাদেশও এই পথে দ্রুত এগোতে চায়। সরকার আগামী জুনের মধ্যে একটি বিনিয়োগবান্ধব নীতিমালা ঘোষণা করতে পারে, যা সৌরবিদ্যুৎ খাতে পোশাক শিল্পের মতো বিপ্লব নিয়ে আসবে। সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে এ খাতের প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে নামমাত্র শুল্ক এবং পাঁচ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে। 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে বেজা, পিপিপি কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মার্কেট সাউন্ডিং’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমদানিনির্ভর জ্বালানির চাপ কমাতে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মালিকানাধীন ৪১২ একর জমিতে ১৩০-১৪০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চলতি বছরের আগস্টে দরপত্র প্রক্রিয়া শুরুর পরিকল্পনা রয়েছে। উৎপাদিত বিদ্যুতের ক্রেতা হবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
এর আগে গত বছরের মার্চে প্রকল্পটি পিপিপি পদ্ধতিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে চলতি বছরের ৭ মে বেজা ও বিপিডিবির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

আরও পড়ুন

×