বিনিয়োগ বাধা কমাতে অস্থায়ী লাইসেন্সের ব্যবস্থা করা হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১০:৩০
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী (প্রভিশনাল) লাইসেন্স প্রদানের ব্যবস্থাও চালু করা হবে।
গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের যাতে একটি দপ্তর থেকে অন্য দপ্তরে ঘুরতে না হয়, সে জন্য কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে এক প্ল্যাটফর্ম থেকেই প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে।
তিনি বলেন, কোনো শিল্পকারখানা বা ভৌত স্থাপনা নির্মাণের অনুমোদন প্রক্রিয়া অবকাঠামোগত বাস্তবতার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সব ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে তা সম্পন্ন করা সম্ভব নয়। কারণ এসব স্থাপনার ক্ষেত্রে নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, অগ্নিনিরাপত্তা এবং পরিবেশগত বিষয়সহ বিভিন্ন দিক যাচাই করতে হয়। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত অনুমোদন প্রদান কর-বে। তবে বিনিয়োগ কার্যক্রম যাতে অনুমোদন জটের কারণে বিলম্বিত না হয়, সে জন্য সরকার অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করবে। এর ফলে বিনিয়োগকারীরা প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করতে পারবেন।
অনুমোদন প্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে একটি রূপরেখা নির্ধারণ করেছে। বর্তমানে খাতভিত্তিক লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণের কাজ চলছে।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
