জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
মেগা প্রকল্পের ব্যাপারে সরকার রক্ষণশীল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৭:৫২
| প্রিন্ট সংস্করণ
মেগা প্রকল্পের নামে মানুষকে চমকে দিয়ে উন্নয়নের ফানুস সৃষ্টি এবং সেই আড়ালে ‘মেগা লুটপাটের’ কোনো নীতিতে বর্তমান সরকার বিশ্বাস করে না বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে নেওয়া যেসব মেগা প্রকল্প মাঝপথে বন্ধ করে দিলে বড় ধরনের আর্থিক অপচয় বা জটিলতা সৃষ্টি হতে পারে। এসব প্রকল্প পর্যালোচনা করে যৌক্তিকভাবে বাস্তবায়নের জন্য বাছাই করা হচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বাজেটের সুফল পেতে অর্থের জোগান ও বাস্তবায়ন দক্ষতা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিতার্কিকরা বিজয়ী হন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মেগা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকার অত্যন্ত রক্ষণশীল অবস্থান নিয়েছে। অপ্রয়োজনীয় বৃহৎ অবকাঠামো প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং জনগণের সরাসরি উপকারে আসে— এমন প্রয়োজনভিত্তিক প্রকল্পকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার হতাশাজনক। এ অবস্থা উত্তরণে সচেষ্ট সরকার।
জোনায়েদ সাকি আরও বলেন, করের পরিধি বাড়ানোর লক্ষ্যে খুদে দোকানিরা যাতে ন্যূনতম কর দিতে পারেন, সে উদ্যোগ নেওয়া হয়েছে। হয়রানির উদ্দেশ্যে নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় করা সরকারের উদ্দেশ্য।
- বিষয় :
- প্রতিমন্ত্রী
