দুই কোম্পানির শেয়ার লেনদেন তিন ঘণ্টার জন্য স্থগিত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
অস্বাভাবিক মূল্য বাড়ার প্রেক্ষাপটে ১ ঘণ্টারও কম সময় লেনদেনের পর তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স এবং উসমানিয়া গ্লাসের শেয়ার কেনাবেচা গতকাল সোমবার স্থগিত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে প্রায় ৩ ঘণ্টা স্থগিত থাকে কোম্পানি দুটির শেয়ার লেনদেন। আজ মঙ্গলবার আবার উভয় শেয়ারের স্বাভাবিক লেনদেন হবে।
কোম্পানির পক্ষ থেকে কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য না থাকার পরও অল্প সময়ের মধ্যে অত্যধিক দর বাড়ায় এসব শেয়ারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে– এমন বিবেচনা থেকে বিনিয়োগকারীদের এ শেয়ারে বিনিয়োগে নতুন করে ভাবতে এ সিদ্ধান্ত নেয় ডিএসই। এক সপ্তাহের মধ্যে স্টক এক্সচেঞ্জটির এ ধরনের তৃতীয় পদক্ষেপ।
৭ জুলাই জিল বাংলা সুগার মিলসের শেয়ার লেনদেন স্থগিত করা ছিল সাম্প্রতিক সময়ে এ ধরনের প্রথম ঘটনা। এর পর ৯ জুলাই উসমানিয়া গ্লাস ও মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারও লেনদেনের মাঝে ওই দিনের বাকি সময়ের জন্য স্থগিত করেছিল।
গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর ৪৯ মিনিট ২০ সেকেন্ড পর ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার লেনদেন দিনের বাকি সময়ের জন্য স্থগিত করা হয়। ওই সময়ের মধ্যে এ কোম্পানির শেয়ারদর রোববারের তুলনায় শেয়ারপ্রতি ৩ টাকা বা প্রায় ২ শতাংশ বেড়ে ১৬৩ টাকা ৮০ পয়সায় কেনাবেচার সময় লেনদেন স্থগিত করা হয়। এদিন এ কোম্পানির প্রায় ৬৪ হাজার শেয়ার কেনাবেচা হয়, যার বাজারমূল্য ছিল ১ কোটি টাকার বেশি।
‘বি’ ক্যাটেগরির এ কোম্পানির শেয়ার গত ছয় মাসে প্রায় ৫ গুণে উন্নীত হয়েছিল। চলতি বছরের শুরুতেও ড্যাফোডিলের শেয়ার ৩৫ টাকায় কেনাবেচা হয়েছে। গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রায় টানা বেড়ে গত রোববার এ শেয়ারের দর ১৭১ টাকা ৮০ পয়সায় উঠেছিল। যদিও দিন শেষে ১৬০ টাকা ৮০ পয়সায় নেমেছিল।
অন্যদিকে ‘জেড’ ক্যাটেগরিভুক্ত লোকসানি কোম্পানি উসমানিয়া গ্লাসের শেয়ার গত তিন সপ্তাহে ৩৯ টাকা থেকে ৭৪ টাকা ছাড়িয়েছে বা প্রায় দ্বিগুণে উন্নীত হয়েছে। গতকাল লেনদেনের প্রথম মিনিটেই আগের দিনের তুলনায় প্রায় ১০ শতাংশ বা সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দর ৭৪ টাকা ২০ পয়সায় উঠে যায়। লেনদেন স্থগিত করার সময়ও ওই দরে স্থির ছিল এবং বিক্রেতাশূন্য হয়ে পড়েছিল। গতকাল সকাল ১০টা ৫১ মিনিটে শেয়ারটির লেনদেন দিনের বাকি সময়ের জন্য স্থগিত করা হয়।
এদিকে গতকালও ডিএসইতে দর হারানোর তুলনায় দরবৃদ্ধি পাওয়া শেয়ার বেশি ছিল। ১৪০ কোম্পানির শেয়ারদর কমার বিপরীতে ১৭২টির দর বেড়েছে। শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৫৮৬৬ পয়েন্ট ছাড়িয়েছে।
- বিষয় :
- শেয়ারবাজার