ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান

বন্যাদুর্গত এলাকায় কিস্তি আদায় স্থগিতের অনুরোধ এমআরএর

বন্যাদুর্গত এলাকায় কিস্তি আদায় স্থগিতের অনুরোধ এমআরএর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৪৪ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১০:০১

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষুদ্রঋণের কিস্তি আদায় স্থগিত করতে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)। পাশাপাশি প্রয়োজনে নতুন করে ঋণ বিতরণ এবং দুর্যোগপ্রবণ এসব এলাকার খাবারসহ ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াতেও বলেছে সংস্থাটি।

সোমবার সার্কুলার জারি করে এমন অনুরোধ জানিয়েছে ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রক সংস্থা এমআরএ। দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের উদ্দেশে এ সার্কুলার জারি করা হয়েছে।  এমআরএর সার্কুলারে বলা হয়েছে, অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের ৫টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অঞ্চলের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ সীমাহীন দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বরাবরের মতো সরকার অসহায় মানুষের দুর্ভোগ কমাতে নানা পদক্ষেপ নিয়েছে। এ পরিস্থিতিতে ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ জীবনযাত্রা সচল করতে এবং মানবিক সহায়তার জন্য ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এমআরএ।

গতকালের সার্কুলারে এমআরএ ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের উদ্বৃত্ত তহবিল থেকে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বন্যা-পরবর্তী পুনর্বাসন কাজেও অংশগ্রহণ নিশ্চিত করতে বলেছে সংস্থাটি।

এ ছাড়া বন্যায় মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়ায় বিতরণ করা ঋণের কিস্তি দেওয়া অনেক ঋণগ্রহীতার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় উল্লিখিত এলাকাগুলোর ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের সক্ষমতা বিবেচনা করে ঋণের কিস্তি আদায় আপাতত স্থগিত রাখতে অনুরোধ করেছে এমআরএ। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত দুর্যোগকালীন ঋণ দিতে এবং কোনো সদস্য যদি তার জমা রাখা সঞ্চয় উত্তোলন করতে চান, তবে চাহিদানুযায়ী দ্রুততম সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে বলেছে এমআরএ।

সার্কুলারে আরও বলা হয় ত্রাণ ও সহায়তা কার্যক্রমে করা ব্যয়ের অনুমোদনের জন্য স্থানীয় প্রশাসনের প্রত্যয়নসহ প্রয়োজনীয় নথিপত্র এক মাসের মধ্যে এমআরএতে জমা দিতে হবে।

আরও পড়ুন

×