যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৭:৪৬
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৩৩ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে মার্কিন কোম্পানিগুলো যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে, বৈঠকে সেসব নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য ও রপ্তানি নীতি, ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স নিয়েও মতবিনিময় হয়েছে। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশ কোন কোন খাতে গুরুত্ব দেবে, তা নিয়েও আলোচনা হয়েছে।
শিল্পমন্ত্রী বলেন, পাট, চামড়া, জাহাজ নির্মাণ ও জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতের রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব খাতকে বহু বিলিয়ন ডলারের রপ্তানি খাতে পরিণত করার উদ্যোগ আগামী মাসে ঘোষণা করা হবে। এ ছাড়া জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করা, ব্যবসাবান্ধব নীতি গ্রহণ এবং ব্যাংকিং খাতে প্রয়োজনীয় উদারীকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ও ফি অনলাইনে জমা দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার পোর্টাল চালু করা হবে। বিভিন্ন লাইসেন্স, পারমিট ও ক্লিয়ারেন্সের ক্ষেত্রে যেসব অপ্রয়োজনীয় ওভারল্যাপিং রয়েছে, সেগুলো দূর করা হবে।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির উপদেষ্টা নিশা বিসওয়াল। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বিনিয়োগ