এক কার্গো এলএনজি কিনবে সরকার, প্রতি ইউনিটে দাম ২৩.৯৩ ডলার
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১৮:৩৩
দেশের জ্বালানি চাহিদা মেটাতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনবে সরকার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে কেনা এ এলএনজির প্রতি ইউনিটের (এমএমবিটিইউ) দাম পড়বে ২৩ দশমিক ৯৩ মার্কিন ডলার। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এই এলএনজি কেনা হবে। অথচ গত এপ্রিলে এ প্রতি ইউনিট এলএনজির দাম ছিল ১৩ দশমিক ৫৬ ডলার।
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাড়তি দামে এই এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এসব এলএনজি কেনা হবে। প্রস্তাব অনুযায়ী, ১ থেকে ২ সেপ্টেম্বরের এই এলএনজি কেনা হবে।
বৈঠকে এলএনজি কেনার পাশাপাশি ঘোড়াশাল-পলাশ সার কারখানার নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখতে জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে আরও এক বছরের জন্য কারিগরি সহায়তা নেওয়ার প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এ জন্য ব্যয় হবে ৩৯ কোটি ৫২ লাখ ৫৫ হাজার টাকা।
- বিষয় :
- এলএনজি