ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

জাপানের শ্রমবাজার উপযোগী মানবসম্পদ তৈরি হবে ঢাকায়

জাপানের শ্রমবাজার উপযোগী মানবসম্পদ তৈরি হবে ঢাকায়
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

জাপানে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের উপযোগী মানবসম্পদ হিসেবে তৈরি করতে ঢাকায় একটি জাপানি ভাষা ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের তরুণ ও সুবিধাবঞ্চিত যুবসমাজকে জাপানি ভাষা দক্ষতা অর্জন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি জাপানের কর্মক্ষেত্রের সংস্কৃতি সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তারা জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন। 

জাপানের ওনোদেরা ইউজার রান কোম্পানি, বাংলাদেশের সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম), ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স (আইআইএসএফ) ও রহিমআফরোজ যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার এই চার পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে এমওইউ স্বাক্ষর করেন ওনোদেরা ইউজার রান কোম্পানির প্রধান নির্বাহী জুন কাতো, সিজেডএমের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আইয়ুব মিয়া, আইআইএসএফের ভাইস চেয়ারম্যান আরাস্তু খান ও রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আব্দুর রহিম। অনুষ্ঠানে ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার আয়া ইয়োশিদা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই উদ্যোগের আওতায় ওনোদেরা ইউজার রান জাপানি ভাষা প্রশিক্ষণ, কর্মসংস্থানমুখী প্রস্তুতি এবং জাপানের কর্মক্ষেত্রের রীতিনীতি শেখাতে সহায়তা করবে। সুবিধাবঞ্চিত এলাকা থেকে উপযুক্ত তরুণদের নির্বাচন করা, প্রশিক্ষণ ও বৃত্তির সুযোগ নিশ্চিত করতে সহযোগিতা করবে সিজেডএম। আইআইএসএফ তাদের প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা ও অবকাঠামো সহায়তা দেবে। অন্যদিকে, রহিমআফরোজ কৌশলগত সহায়তা দেবে এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করবে।
অনুষ্ঠানে জুন কাতো বলেন, বাংলাদেশের তরুণদের অধ্যবসায় ও সম্ভাবনা প্রশংসনীয়। এই উদ্যোগের মাধ্যমে তাদের জাপানি ভাষা ও পেশাগত দক্ষতায় পারদর্শী করে তোলা হবে, যাতে তারা জাপানে অর্থবহ কর্মসংস্থানের সুযোগ পান। 

আয়া ইয়োশিদা বলেন, জাপান বাংলাদেশ থেকে দক্ষ কর্মী গ্রহণে আগ্রহী। তবে তার জন্য জাপানি ভাষা ও কাজের সংস্কৃতি সম্পর্কে জানা আবশ্যক। এই কেন্দ্র বাংলাদেশের তরুণদের সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
নিয়াজ আব্দুর রহিম বলেন, যৌথ এ উদ্যোগ তরুণদের ক্ষমতায়ন ও টেকসই জীবিকা অর্জনে বড় ভূমিকা রাখবে। 
ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, দক্ষতা ও বিশ্বাসযোগ্য কর্মসংস্থান সুবিধাবঞ্চিত তরুণদের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই উদ্যোগ দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে। 

আরও পড়ুন

×