ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বেড়েছে ৫০ শতাংশ

বছরের ৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১৫৮৪ কোটি টাকা

বছরের ৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১৫৮৪ কোটি টাকা
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে বেসরকারি ব্র্যাক ব্যাংকের এককভাবে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৫৮৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ৫৫ কোটি টাকা। ফলে ব্যাংকটির নিট মুনাফা এ সময়ে বেড়েছে ৫০ শতাংশ। এদিকে, এ সময়ে অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিতভাবে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ কোটি টাকা। ২০২৫ সালের একই সময়ে যা ছিল ১ হাজার ৫৩৬ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক গতকাল বৃহস্পতিবার তাদের সর্বশেষ প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক ফলাফল প্রকাশ করেছে। ব্র্যাক ব্যাংক জানিয়েছে, সামষ্টিক অর্থনীতি এবং ব্যাংকিং খাতের চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ব্র্যাক ব্যাংক খাতের অন্যান্য ব্যাংকের চেয়ে এগিয়ে থেকে ব্যালান্স শিটে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রেখেছে।

২০২৫ সালের ডিসেম্বরের তুলনায় ব্র্যাংক ব্যাংকের গ্রাহক আমানত বেড়েছে ১৬ শতাংশ। গ্রাহক ঋণের পরিমাণ বেড়েছে ৭ শতাংশ। উৎপাদনশীলতা বৃদ্ধি, কঠোর ব্যয় নিয়ন্ত্রণ এবং ডিজিটাল রূপান্তরে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে ব্যাংকটি পরিচালন দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছে। ফলে ব্যাংকটির খরচ ও আয়ের অনুপাত ২০২৫ সালের ৪৬ শতাংশ থেকে কমে ২০২৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে ৪১ শতাংশ হয়েছে।

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সা। গত বছরের একই প্রান্তিকে ছিল ৫ টাকা ২৯ পয়সা। সমন্বিত নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের ৪৪ টাকা ৮৪ পয়সার তুলনায় ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৪০ পয়সা। 
ব্র্যাক ব্যাংক করপোরেট, এসএমই এবং রিটেইল ব্যাংকিং– সব খাতেই সুষম প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং একই সঙ্গে ব্যাংকিং খাতের অন্যতম সর্বনিম্ন খেলাপি ঋণের রেকর্ড ধরে রেখেছে। মূলত শক্তিশালী ব্যালান্স শিট প্রবৃদ্ধি, উন্নত পরিচালন দক্ষতা, বৈচিত্র্যময় পোর্টফোলিও এবং সুশৃঙ্খল ঝুঁকি ব্যবস্থাপনাই ব্যাংকটির এই শক্তিশালী পারফরম্যান্সে বড় ভূমিকা পালন করেছে। ২০২৫ সালের ডিসেম্বরের মতোই ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকেও ব্যাংকটির খেলাপি ঋণের হার ২ দশমিক ২৭ শতাংশে স্থিতিশীল রয়েছে।
ব্র্যাক ব্যাংকের আর্থিক ফলাফল সম্পর্কে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এমন লক্ষণীয় সাফল্য আমাদের ব্যবসায়িক মডেলের শক্তি, সুশাসন ও সুশৃঙ্খল কর্মপরিকল্পনারই প্রতিফলন। গ্রাহকদের অবিচল আস্থার কারণেই আমরা খেলাপি ঋণের হার সর্বনিম্ন রেখে খাতের গড় প্রবৃদ্ধির চেয়ে অনেক এগিয়ে থাকতে পেরেছি।’ 

আরও পড়ুন

×