দেশের প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করল গ্রামীণফোন
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১২:৪৪
দেশের প্রথম টেলিকম অপারেটর হিসেবে ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে গ্রামীণফোন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া এ সেবার মাধ্যমে গ্রাহকরা ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের অ্যাপ ব্যবহার করে সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকার ব্যবহার ছাড়াই ডিজিটাল পদ্ধতিতে লেনদেনের সুযোগ তৈরি হয়েছে।
গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে রাখা বাংলা কিউআর কোড স্ক্যান করে গ্রাহকরা সরাসরি নিজেদের ব্যাংক বা সংশ্লিষ্ট আর্থিক সেবা অ্যাকাউন্ট থেকে মূল্য পরিশোধ করতে পারবেন। জাতীয় কিউআর স্ট্যান্ডার্ডের আওতায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানে একটি মাত্র মার্চেন্ট কোড ব্যবহার করেই এ লেনদেন করা যাবে। এতে নগদ টাকার ওপর নির্ভরতা কমার পাশাপাশি গ্রাহকদের পেমেন্টের বিকল্পও বাড়বে।
বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ ভিশনের আওতায় সর্বজনীন ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকা এবং চট্টগ্রামের জিইসি মোড়ের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে এ সেবা পাওয়া যাবে। বুধবার (৪ নভেম্বর) গুলশানের গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। এমটিবির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. শাফকাত হোসেন এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন। এ ছাড়া দুই প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তির অন্যতম চালিকাশক্তি হচ্ছে সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন। দেশে আরও সমন্বিত ও দক্ষ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে গ্রামীণফোনের এ উদ্যোগ প্রশংসনীয়। এ উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত।
তিনি বলেন, আর্থিক সেবা আরও সহজলভ্য করা, তরুণদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও ক্রমবর্ধমান ক্যাশলেস অর্থনীতি এগিয়ে নিতে শিল্পসংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও এ উদ্যোগে যুক্ত হবে বলে তিনি প্রত্যাশা করেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, গ্রাহককেন্দ্রিকতা গ্রামীণফোনের অন্যতম অগ্রাধিকার। গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতা আরও সহজ ও সুবিধাজনক করতে প্রতিষ্ঠানটি কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা উদ্ভাবনকে আরও গতিশীল করে। এমটিবির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলা কিউআরের এই সেবা চালু করা হয়েছে।
তিনি বলেন, গ্রাহকরা এখন নগদ টাকা বা ভাঙতি টাকার জন্য অপেক্ষা না করেই ফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে ডিজিটাল পেমেন্ট দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে আরও বেশি মানুষকে যুক্ত করতে এ উদ্যোগ সহায়ক হবে।
ইয়াসির আজমান আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও স্মার্ট ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যমাত্রা অর্জনেও অবদান রাখতে চায় গ্রামীণফোন।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আরও বেশি গ্রাহকের কাছে স্ক্যান-টু-পেমেন্টের মতো সহজ সুবিধা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে তারা আনন্দিত। পেমেন্ট সেবায় এমটিবির অভিজ্ঞতা এবং গ্রামীণফোনের বিস্তৃত রিটেইল নেটওয়ার্কের সমন্বয়ে দৈনন্দিন লেনদেন আরও সুবিধাজনক হবে। পাশাপাশি দেশজুড়ে ডিজিটাল পেমেন্টের প্রসার ও ব্যবহার বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংক দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটায় বাংলা কিউআর সেবা চালুর মাধ্যমে সেই লক্ষ্য অর্জনেও ভূমিকা রাখতে চায় গ্রামীণফোন। বিপুলসংখ্যক গ্রাহকের কাছে এ সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির ভিত্তি আরও সুদৃঢ় করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
- বিষয় :
- গ্রামীণফোন