বারভিডার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ১২:২০
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বারভিডা সভাপতি আবদুল হকের সভাপতিত্বে ঢাকা লেডিজ ক্লাবে অনুষ্ঠিত এ সভায় এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী সদস্যসহ প্রায় ৪০০ সদস্য উপস্থিত ছিলেন।
বারভিডা সভাপতি আবদুল হক বলেন, বারভিডার বর্তমান কার্যনির্বাহী পরিষদ সংগঠনের সদস্যদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাতের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে। নতুন ও পুরনো গাড়ির শুল্ক বৈষম্য নিরসনে বারভিডা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
বার্ষিক সাধারণ সভায় এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম তার উপস্থাপিত ২০২০ সালের প্রতিবেদনে সংগঠনের গত ১ বছরের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি সংগঠনের গত ১ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়াও সভায় বারভিডার আগামী অর্থবছরের বার্ষিক বাজেট অনুমোদন করা হয় এবং অডিটর নিয়োগ করা হয়।
সাধারণ সভার উন্মুক্ত আলোচনা পর্বে এসোসিয়েশনের সাধারণ সদস্যরা দেশের রিকন্ডিশন্ড গাড়ি আমদানি খাত এবং সংগঠনের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বারভিডাকে আরও গতিশীল, কার্যকর এবং যুগোপযোগী একটি বাণিজ্য সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দেন। বিজ্ঞপ্তি।
