ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

ব্ল্যাক ম্যাজিক আর মহাবশীকরণ মহিমা

ব্ল্যাক ম্যাজিক আর মহাবশীকরণ মহিমা
×

হরিপদ দত্ত

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:০৪

ঔপনিবেশিক যুগ শুরুর বহু আগে থেকেই ভারতবর্ষ সম্পর্কে ইউরোপের কৌতূহল আর প্রধান বিস্ময় ছিল তার জাদুমন্ত্র ও সাধু-সন্ন্যাসীর বিষয়ে। ইংরেজি সাহিত্যে এ বিষয়ে নানা আখ্যান গড়ে উঠেছে। ভাগ্য, তন্ত্র, টোটকা, বশীকরণ, জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদু নিয়ে তারা গবেষণাও করেছে। ফকির, দরবেশ, সাধু-সন্ন্যাসীদের মনও বুঝতে চেয়েছে। বঙ্গ ভারতীয়দের মানস-গঠন সম্পর্কে চেনাশোনা, জানা-বোঝাটা দরকার ছিল শাসন-শোষণের জন্য। 'মাঙ্কিজ প' বা বানরের থাবা নামের ইংরেজি গল্পে গা ছমছম করা চিত্ত শিহরণ জাগানো আখ্যান পাওয়া যায়। ভারতবর্ষীয়দের জাদুমন্ত্র বিশ্বাসের এ এক অপূর্ব গল্প। জনৈক ভারতীয় জাদুকরের কাছ থেকে পাওয়া মন্ত্রপূত বানরের থাবার শক্তিতে দুর্ঘটনায় নিহত পুত্রহারা এক ইংরেজ নারীর মৃত সন্তানের পুনর্জীবন লাভ করে ফেরার রোমহর্ষক ঘটনা রয়েছে এ গল্পে। এই বশীকরণ আর কালাজাদুই যে উপনিবেশ শাসনের আসল শক্তি, ইংরেজরা তা বুঝেছিল। যখন বুঝতে পারে আর শাসন করা যাবে না, তখনই ধর্মের আশ্রয়ে দেশ ভেঙে দেয়। হিন্দু-মুসলমান লক্ষকোটি মানুষ হারায় তাদের জন্মভূমি। হারায় আইডেনটিটি। উদ্বাস্তু হয়। আজকের বাস্তবতাও কি এই সাক্ষ্যই বহন করে না?
আশ্চর্যের বিষয় এই, আধুনিক বিজ্ঞান আর যুক্তিবাদ-বুদ্ধিবাদের উৎকর্ষের এই যুগে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুসংস্কার, অন্ধবিশ্বাস আর জাদুটোনার প্রভাব। পত্রপত্রিকা আর বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনের নামে এদের উপদ্রব এতই বেড়ে গেছে যে, মনে হবে অপশক্তির ঘোর অন্ধকার নেমে এসেছে মানুষের সমাজে। মানুষ সভ্যতার আলো থেকে দ্রুত অন্ধকারে পালিয়ে বাঁচতে চাইছে। কেন এমন হলো? মানুষের এমন পশ্চাৎপদতার রহস্য কী? আসলে আধুনিক মানুষ, বিজ্ঞানমনস্ক মানুষের ভরসা ছিল সমাজবদল বা সমাজতন্ত্র। সারাবিশ্বে সমাজতন্ত্রের পতন আর অবক্ষয়ের পর সভ্যতার আর এগোনোর সুযোগ হলো না। চরম হতাশায় ডুবে যাচ্ছে মানুষ। ব্যক্তিমানুষের জাগতিক দুঃখ, কষ্ট আর দুর্ভোগ এতই অপ্রতিরোধ্য যে, ব্যর্থ মানুষ হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। চরম হতাশায় পতিত মানুষ বাধ্য হচ্ছে অন্ধ বিশ্বাসে ডুবে যেতে। ঘরে-বাইরে কোথাও শান্তি নেই মানুষের। কোথাও তার ইচ্ছাপূরণ হচ্ছে না। তাই ঈশ্বর, ধর্ম, তন্ত্রমন্ত্র, জাদুটোনা, বশীকরণে বিশ্বাসী হয়ে উঠছে। মানুষের এই দুর্বলতার খবরটা জানে প্রতারকরা। অসংখ্য সমস্যায় জর্জরিত মানুষ হতাশ হয়ে তাদের শিকারে পরিণত হচ্ছে। ব্যবসায় সাফল্য, চাকরি, বিদেশ ভ্রমণ, প্রেমে সফলতা, মামলায় জেতা, সন্তানের শিক্ষায় অমনোযোগিতা, স্বামীর পরনারীগমন, নেতাকে বশীকরণ, মন্ত্রী বা সংসদ সদস্য হওয়ার পথ, বসের সুপাত্র হওয়া, নির্বাচনে নমিনেশন পাওয়া, লটারিতে ভাগ্যবদল, স্ত্রী বা স্বামীকে আজ্ঞাবহ বানানো ইত্যাদি। এ ধরনের তান্ত্রিক বা বশীকরণবিদ্যার ট্রেনিং সেন্টারও আছে।
এই যে তন্ত্রমন্ত্র-বশীকরণ রহস্য তার অন্ধকারেই লুকিয়ে রয়েছে ধর্মীয় মৌলবাদী রাজনীতির শিকড়-বাকড়। তুকতাক, বশীকরণে জনগণকে নির্জীব করে রাখ, কাজ না হলে বাহুবল প্রদর্শন কর, হামলা-মামলায় ফেলে দাও। তাতেই মানুষের মাথা থেকে গণতন্ত্র, সাম্য, নাগরিক অধিকার, ন্যায়বিচার আর আইনের শাসনের দাবি-দাওয়ার ভূত পালিয়ে যাবে। শাসকশ্রেণি চিরকালই চায় আনুগত্য। বশ মানা। বাঘের বাচ্চাকে খাঁচায় পুষে মাংসের বদলে ঘাস খাওয়া শিক্ষা দিলে সে ভুলে যায় পশু শিকার, খাদ্যপ্রণালিও ভুলে যায়। বাঘশিশু বড় হয়ে ভিতু ছাগল হয়ে যায়। শাসকরা তাই চায়। কালাজাদু দিয়ে মানুষকে বশে রাখে তারা, ভোট আদায় করে।
শাসকের প্রতি অন্ধ আনুগত্য, অপরাজনীতির প্রতি বিশ্বাস, ভয়ভীতিকে জয় করে প্রতিবাদী হয়ে ওঠে। তন্ত্রমন্ত্রের জগৎ এমন প্রতিবাদী মানুষ চায় না। এমন মানুষ তার প্রতিপক্ষ।
বিভিন্ন কারণে শরীর দুর্বল বা প্রতিরোধ ক্ষমতা কমে গেলে নানারকম রোগ শরীরে প্রবেশ করে। হতাশাও এমনি একটি মনোরোগ। যারা হতাশায় আক্রান্ত হয় তারা বিজ্ঞানমনস্কতা বা যুক্তিবাদ হারায়। হয়ে ওঠে ভাগ্যবিশ্বাসী। তাদের মন আচ্ছন্ন করে ফেলে অন্ধবিশ্বাস আর জাদুটোনার রহস্যময় দুনিয়া। আজও আমি ভুলিনি সেই দৃশ্য। ষাটের দশকের গোড়ার দিকে আমি ঢাকার জগন্নাথ কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম। হঠাৎ একদিন দেখতে পাই, আমাদের ইংরেজির একজন প্রিয় শিক্ষক ভিক্টোরিয়া পার্কের পশ্চিম পাশে রাস্তার ওপর হাত পেতে বসে আছেন। সামনে বসে টিয়ে পাখিওয়ালা ভাগ্যগণক। বিস্মিত ও কৌতূহলী হয়েছিলাম। আধুনিক ইংরেজি ভাষার অধ্যাপকের এই দশা। সহপাঠী বন্ধু বাংলাদেশের কথাসাহিত্যের একজন খ্যাতিমান লেখক বুলবুল চৌধুরীকে জিজ্ঞেস করায় বুলবুল কারণটা ব্যাখ্যা করেছিল। বড় কষ্ট পেয়েছিলাম মনে। সেই আমাদের শিক্ষক পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক হয়েছিলেন। দীর্ঘ ৪০-৪৫ বছর পর প্রিয় শিক্ষকের সঙ্গে শেষ সাক্ষাৎ ঘটে তার বাড়ির লনে। শায়িত ছিলেন তিনি। খানিক বাদে জানাজা হবে। চোখে আমার জল নামে। পুরোনো স্মৃতি বুকের ভেতর আগুন হয়ে জ্বলে।
ধনতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থা আজকের এই জটিল মানবসমাজকে মুক্তি বা শান্তি দিতে পারবে না। অসুস্থ এই সমাজকে ভেঙে দিতে হবে। আজকের সমাজে এই তুকতাক বশীকরণ দ্রুত বিস্তার লাভ করছে তার পেছনের ইন্ধনদাতা এই ধনতন্ত্র। ধনতন্ত্র সংকটে পতিত বলেই জনগণের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে ঈশ্বরের পাশাপাশি শয়তানকেও ব্যবহার করছে। বাস্তব জগৎ ভুলিয়ে দাও মানুষকে, ডুবিয়ে দাও অতিপ্রাকৃত জগতে, এই হচ্ছে ধূর্ত ধনতন্ত্র। পুঁজিবাদী সমাজ এভাবেই একজন বাম রাজনৈতিক কর্মীর বিশ্বাসে দ্বন্দ্ব এবং ধন্দ তৈরি করে। এখানেই পুঁজিবাদী দর্শনের শক্তি। সে মানুষকে ভেঙে দেয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে তার চিন্তা এবং বিশ্বাসের জগতে।
  কলকাতা প্রবাসী কথাসাহিত্যিক

আরও পড়ুন

×