ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসডিজি লক্ষ্য অর্জনে বেসরকারি সংস্থার প্রয়াস

এসডিজি লক্ষ্য অর্জনে বেসরকারি সংস্থার প্রয়াস
×

ফেরদৌস সালাম ও বিদ্যুত খোশনবীশ

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩ | ১৮:০০

স্বাস্থ্যসেবাপ্রাপ্তি প্রতিটি দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে বিষয়টি গুরুত্বপূর্ণভাবে সংযোজিত থাকলেও জনসংখ্যা অনুপাতে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান এবং প্রত্যন্ত অঞ্চলে যাতায়াত ব্যবস্থার প্রতিকূলতার কারণে দেশের জনগোষ্ঠীর এক বিরাট অংশ স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত। এ ছাড়া প্রত্যন্ত অঞ্চলে সরকারের একার পক্ষে সম্ভব হয় না সার্বিক চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা। এ পরিপ্রেক্ষিতে দেশের বহু এনজিওর মতো বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্যুরো বাংলাদেশ’ প্রান্তিক ও গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীকে মৌলিক স্বাস্থ্যশিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে রোগ নির্ণয় ও টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্দেশ্যে মৌলিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে এবং গ্রাম পর্যায়ে কমিউনিটি হেলথকেয়ার সেন্টার চালু করেছে।

জামালপুর জেলার প্রান্তিক পর্যায়ের একটি গ্রাম দিগপাইত। এ গ্রামের ২৫-৩০ জন কিশোরীর সঙ্গে আমরা কথা বলি। তাদেরই একজন ফারিহা। বয়স ১৩ বছর। সে স্থানীয় রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী। সে বলে, ‘একজন মেয়েশিশু ধীরে ধীরে বড় হওয়ার মুহূর্তে একটা বয়সে শরীর ও মনে ব্যাপক পরিবর্তন আসে। সেই পরিবর্তন প্রক্রিয়া উপলব্ধি করলেও এটি সম্পর্কে বিজ্ঞানসম্মত কোনো জ্ঞান আমাদের ছিল না। ব্যুরো বাংলাদেশের মৌলিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচির মাধ্যমে গ্রামের কিশোরীসহ আমাদের অভিভাবকরাও সচেতন হচ্ছেন।’ যারা ব্যুরো বাংলাদেশ থেকে সরাসরি প্রশিক্ষণ পেয়েছে, তারা আবার আশপাশের ১০০ কিশোরী ও নারীর সঙ্গে প্রশিক্ষণের বিষয় শেয়ার করেছে। এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কো-হেলথ এডুকেটর সালমা বেগম জানালেন, ৪ নম্বর ওয়ার্ডে ২০০ পরিবারকে স্বাস্থ্য সচেতন করেছেন। এর মধ্যে ১৭ জন অন্তঃসত্ত্বা। কয়েকজন ইতোমধ্যে সুস্থ ও সুন্দরভাবে সন্তান প্রসব করেছেন। তাদের আয়রন ট্যাবলেট, শাকসবজি খাওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়। প্রসবের পর শিশুর মুখে মায়ের স্তনের শাল দুধ খাওয়ানো গুরুত্বপূর্ণ বিষয় বলেও সচেতন করা হয়।

উল্লেখ্য, ব্যুরো বাংলাদেশের মৌলিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচিকে সহায়তা দিয়ে আসছে অস্ট্রেলিয়ান এইড এবং অপরচুনিটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া। তাদের সহযোগিতার পাশাপাশি ব্যুরো বাংলাদেশও এ খাতে নিজস্ব উদ্যোগ নিয়েছে। সংস্থাটির কম্যুনিটি হেলথকেয়ার সেন্টার ও মৌলিক স্বাস্থ্যশিক্ষা কর্মসূচি দরিদ্রবান্ধব। টাঙ্গাইল জেলার মধুপুরের আলোকদিয়া কম্যুনিটি হেলথকেয়ার সেন্টারে প্রতি মাসে ৩-৪ হাজার মানুষ সেবা নিয়ে থাকে। এখানে কার্ডধারীর সংখ্যা প্রায় ২০০০। আলোকদিয়া ছাড়াও ব্যুরো বাংলাদেশের এ রকম আরও ৫টি কম্যুনিটি হেলথকেয়ার সেন্টার রয়েছে।

লেখকদ্বয় ব্যুরো বাংলাদেশে কর্মরত

আরও পড়ুন

×