ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জীবনকৌশল

যারা আয় হারাচ্ছে, তারা কীভাবে সংসার চালাবে

যারা আয় হারাচ্ছে, তারা কীভাবে সংসার চালাবে
×

সাইফুল হোসেন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

যাদের একটি স্থিতিশীল জব আছে, যারা প্রচুর আয় করছেন, যাদের ভালো ব্যবসা আছে, তাদের তো সংসার চালাতে বিশেষ কোনো সমস্যা নেই। তাদের শুধু মূল্যস্ফীতির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। কিন্তু কিছু কর্মক্ষম মানুষ আছেন যারা একসময় অনেক আয় করেছেন, লম্বা সময় ধরে কাজ করেছেন কিন্তু বর্তমানে বেকার; এখন কোনো আয় করছেন না, তারা এখন সংসার কীভাবে চালাবেন? কারণ খরচ তো থেমে নেই।

আপনি এক ধরনের ভালো জীবনযাপনে অভ্যস্ত। ভালো খাবার, বাচ্চাদের ভালো স্কুলে পাঠানো, ভালো বাসায় থাকা, দেশের বাড়িতে কিছু টাকা পাঠানো– এ রকম অনেক বিষয় সামলেছেন। হঠাৎ সেখান থেকে তো নামতে পারবেন না। কিন্তু একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, কিছুদিন আগের যে অবস্থা আর এখনকার অবস্থার মধ্যে আকাশ-পাতাল তফাত। কারণ আপনার এখন ক্যাশ ইনফ্লো নেই। আপনি যতই ধনী হোন, যত টাকাই আপনার থাকুক, যদি আপনার প্রতি মাসে কিছু টাকা হাতে না আসে, তাহলে একসময় আপনার সব সঞ্চয় শেষ হয়ে যাবে। আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে, খরচের ব্যাপারে খুবই সতর্ক থাকা। খরচ করবেন দশবার ভেবে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যদি এক প্যান্ট ২০-৩০ বছর পরতে পারেন এত খ্যাতিমান এবং ধনী মানুষ হওয়া সত্ত্বেও, তাহলে আমাদের অসংখ্য প্যান্ট-শার্ট কেন লাগবে?

দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, আপনি অনাদায়ী যে টাকা আছে অর্থাৎ যে টাকা অন্যদের কাছে পান, সেটা আদায় করতে যত্নবান হবেন। আপনি ভেবে দেখেন, অনেকের কাছে টাকা পান; কিছু সম্পত্তি বেদখল হয়ে গেছে; আপনার সঙ্গে প্রতারণা করে কেউ টাকা নিয়ে চলে গেছে। এটা প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটে। তাই পাওনা আদায়ে আপনি এখন খুব যত্নবান হবেন।

তিন নম্বর হচ্ছে, দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে বের করুন এবং অবশ্যই আন্তরিক চেষ্টায়। দীর্ঘদিন কাজ করার ফলে আপনার দক্ষতা বেড়েছে। যা-ই করুন, আপনার তো একটি স্কিলসেট আছে। হয়তো ভাবছেন, আপনার স্কিল নিয়ে আর চাকরি পাবেন না, কাজ পাবেন না। কিন্তু চেষ্টা চালিয়ে যান, হাল ছাড়বেন না। বারবার চেষ্টা করুন। আপনি ভাবতেই পারবেন না, কোন সময় কোন কাজ আপনার সামনে এসে হাজির হবে।

সমাজের যত জায়গায় পরিচয়; সব জায়গায় যোগাযোগ শুরু করুন। বিভিন্ন চাকরির ওয়েবসাইটে নক করতে থাকুন। দেখবেন, একসময় ভালো কিছু একটা হয়ে গেছে। কোথা থেকে কী হয়ে যায়, আমরা কি জানি? একেবারে চলতে পারছি না, কিন্তু দেখা গেছে এমন জায়গা থেকে সাহায্য এসেছে, যা কল্পনাও করা হয়নি।

চার নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি যে লেভেলে কাজ করেছেন বা যে ধরনের জব করেছেন তার চাইতে এখন একটু নিচে নামুন। আপনি ছিলেন একটা বড় প্রতিষ্ঠানের হেড। এখন একটা ছোট চাকরি কীভাবে করবেন? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কষ্ট করে আয় করা আর চুরি করার মধ্যে আকাশ-পাতাল ফারাক। আপনি তো কষ্ট করে আয় করবেন। চুরি তো করবেন না। সুতরাং যে অবস্থানে ছিলেন, তা বেমালুম ভুলে যান। বর্তমান সময়টা খারাপ। এখন আপনি কী আছেন; সেই অনুযায়ী আগের অবস্থান থেকে একটু নিচে নেমে হলেও বা অনেক নিচে নেমে হলেও কাজটা শুরু করুন। ইনকাম শুরু করুন। দেখবেন কাজ করতে করতে আবার আগের অবস্থানে পৌঁছে গেছেন।

পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি গভীরভাবে একটু চিন্তা করুন, কোথা থেকে টাকা আসতে পারে? আপনি যখন কোনো একটা বিষয়ে চিন্তা নিবিষ্ট করেন তখন অনেক পথ খুলে যায়।

আপনি হয়তো গ্রামে যান না। কিন্তু সেখানে আপনার অনেক সম্পত্তি আছে, যা এই দুঃসময়ে কাজে লাগতে পারে। এমন হতে পারে, আপনার বাবার নামে সম্পত্তি আছে। আপনি ওদিকে কখনও চিন্তাই করেননি। কিন্তু এখন দুঃসময়; সেটা আপনার কাজে লাগতে পারে, হয়তো তেমন খেয়াল করে দেখেননি। সুতরাং, সেটা নিয়ে ভাবার অবকাশ আছে। এখান থেকে কিছু ক্যাশ ফ্লো বের করা যায় কিনা, সেটা দেখতে হবে।

ছয় নম্বর পয়েন্ট হচ্ছে, আপনি ছোট-বড়-মাঝারি যা হোক, একটা ইনকামের পথ তৈরি করুন। একদিন আমি দেখি, এক ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে একটা টেবিলের ওপরে কাপড় সাজিয়ে বিক্রি করছেন। এই ভদ্রলোকের চেহারা দেখে মনে হয় না, তাঁর এ কাজ করার কথা। জানলাম,  ভদ্রলোক চাকরি করে বেতন পেতেন ৪০-৫০ হাজার টাকা। আর এখন এক থেকে দেড় লাখ টাকা মাসে আয় করছেন। আগে ছিলেন চাকরিজীবী, এখন হয়েছেন উদ্যোক্তা। এ রকম শত শত উদাহরণ আছে যে, ট্র্যাক চেঞ্জ করেছেন; সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিয়েছেন। তারপর সেখান থেকে তিনি আবার অনেক বড় হয়েছেন। বড় হতে হলে প্রচেষ্টা লাগবে; উদ্যোগ লাগবে।

একটা সময় যদি সত্যি চলে আসে যে আপনার কিছু নেই, তখন আপনার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সেই রাস্তায় গিয়ে দাঁড়ানোর আগে আপনি একটা আয়ের উৎস তৈরি করুন। দেখবেন আপনি আবার ঘুরে দাঁড়িয়েছেন, আগের যে অবস্থানে ছিলেন, তার চেয়ে ভালো অবস্থায় পৌঁছে গেছেন।

সাইফুল হোসেন: অর্থনীতি বিশ্লেষক, ফাইন্যান্স ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট

আরও পড়ুন

×