পরিসংখ্যান বিকৃতি
বিবিএসের স্বাধীনতা অপরিহার্য
সম্পাদকীয়
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ | ০৭:৩৬
| প্রিন্ট সংস্করণ
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পরিসংখ্যান বর্ধিত করিয়া দেখানো হইয়াছে বলিয়া সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনে যেই তথ্য উঠিয়া আসিয়াছে, উহা প্রণিধানযোগ্য। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কার্যালয়ে ‘জিডিপির হিসাবের ফরেনসিক অডিট প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে উপস্থাপিত নিরীক্ষা প্রতিবেদনে বলা হইয়াছে, ২০১৪-১৫ অর্থবৎসর হইতে জিডিপি প্রাক্কলনে প্রায় শূন্য দশমিক ৭ হইতে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত দেখানো হইয়াছে। বিশেষজ্ঞ কমিটি তথ্য গরমিলের খাতগুলি চিহ্নিতকরণ এবং গরমিলের কারণও ব্যাখ্যা করিয়াছে। তাহাদের মতে, সরাসরি মাঠ পর্যায়ে সংগ্রহকৃত প্রাথমিক জরিপের তথ্যে গরমিল না থাকিলেও প্রশাসনিক ও মাধ্যমিক উৎসের একই খাতবিষয়ক উপাত্তসমূহের মধ্যে ভিন্নতা ছিল। এই দুর্বলতার সুযোগ লইয়াই তৎকালীন সরকারের রাজনৈতিক নেতৃত্ব সাতটি খাতে মনগড়া উপাত্ত যুক্ত করিয়া জিডিপির আকার ও প্রবৃদ্ধি বাড়াইয়া দেখাইয়াছিল। আমরা মনে করি, জাতীয় পর্যায়ে এহেন তথ্য বিকৃতির উৎস ও ধরন চিহ্নিত হওয়ায় আগামী দিনগুলিতে তাহা প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ সহজ হইবে।
প্রসঙ্গত, এহেন ‘ডেটা ডক্টরিং’ বা তথ্য ও পরিসংখ্যান বিকৃতির অভিযোগ অতীতে সকল সরকারের বিরুদ্ধেই উঠিয়াছে। এখানে জনসংখ্যার হিসাবসহ বিবিএস প্রকাশিত নানা গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ইচ্ছাকৃতভাবে হ্রাস-বৃদ্ধি করা হয় বলিয়া একটা ধারণা বহুদিন যাবৎ গাড়িয়া বসিয়াছে পরিসংখ্যান ব্যবহারকারী দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলিতে। বিভিন্ন সময়ে বিশ্বব্যাংক, আইএমএফের ন্যায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এতৎসংক্রান্ত বক্তব্যও সংবাদমাধ্যমে শিরোনাম হইয়াছে। প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়াসহ তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশেই বিশেষত অর্থনীতি ও উন্নয়নবিষয়ক চিত্র স্ফীত করিয়া প্রদর্শনের প্রবণতা দেখা যায়। মূলত ইহা ফাঁপা প্রতিশ্রুতির বন্যায় জনগণকে ভাসাইয়া ভোটের ফল নিজেদের পক্ষে আনয়নের অপকৌশলের অংশ; যদিও জনসাধারণ যাপিত জীবনের অভিজ্ঞতা হইতেই প্রকৃত বাস্তবতা বুঝিতে পারেন। ততক্ষণে ক্ষতি যাহা হওয়ার হইয়া যায়। অনেক ক্ষেত্রে যাহা শীঘ্রই পূরণ করা যায় না।
আমরা জানি, রাজনীতি, অর্থনীতি বা উন্নয়ন, যে কোনো ক্ষেত্রেই রাষ্ট্রীয় নীতি-কৌশল সঠিক হইবার প্রাথমিক শর্ত হইল যথার্থ তথ্য ও পরিসংখ্যানের সহজলভ্যতা। ভুল তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে গৃহীত নীতি-কৌশল যে জনগণের বিভিন্ন অংশের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের মধ্যেও বৈষম্য বৃদ্ধি করে, তাহাও সর্বজনবিদিত। সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ের তথ্য ও পরিসংখ্যান বিদেশে গ্রহণযোগ্যতা হারাইলে
উহার নেতিবাচক প্রভাব শুধু দেশের ভাবমূর্তি নহে, বিশেষত বাণিজ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের উপরেও পড়ে। এই দিক হইতে আলোচ্য সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এই বক্তব্যের সহিত ভিন্নমত প্রকাশের অবকাশ নাই যে, বিগত সরকার পরিসংখ্যানকে রাজনৈতিক হাতিয়ার বানাইয়া অতিরঞ্জিত উন্নয়নের বয়ান দিতে গিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের পরিসংখ্যানের গ্রহণযোগ্যতা বিনষ্ট করিয়াছে।
আমরা মনে করি, অতীত স্মরণে রাখিয়া আজিকে উক্ত অশুভ প্রবণতার চিরস্থায়ী অবসান ঘটানোই সর্বাধিক গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরাইতে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রাহকদের উপস্থিতির ভৌগোলিক প্রমাণ নিশ্চিতকরণে জিও-কোডিং প্রযুক্তিসহ কম্পিউটার-অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ চালু; শিল্প উৎপাদনের সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার সূচক পর্যবেক্ষণ এবং উন্মুক্ত তথ্যনীতি গ্রহণসহ যেই সকল সংস্কার উদ্যোগ সরকার গ্রহণ করিয়াছে, সেইগুলি নিশ্চয় সাধুবাদযোগ্য। তবে দীর্ঘদিন যাবৎ বিশেষজ্ঞদের দেওয়া বিবিএসের পেশাগত নেতৃত্ব ও স্বায়ত্তশাসন নিশ্চিতকরণের পরামর্শটি উপেক্ষিত থাকিলে অন্য কোনো ঔষধেই ব্যাধির নিরাময় হইবে না। এমনকি জনমনে এই সন্দেহও উদয় হইতে পারে, তথ্য ও পরিসংখ্যান বিকৃতির উক্ত আলোচনার লক্ষ্য ছিল কেবলই বিগত সরকারের সমালোচনার মাধ্যমে রাজনৈতিক ফায়দা অর্জন।
- বিষয় :
- সম্পাদকীয়