ঢাকা রোববার, ২২ নভেম্বর ২০২৬

রাজধানীর নদী-খাল দূষণ

পয়োবর্জ্য শোধনের ব্যবস্থা করিতে হইবে

পয়োবর্জ্য শোধনের ব্যবস্থা করিতে হইবে
×
×

সম্পাদকীয়

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ০৭:২৬

| প্রিন্ট সংস্করণ

রাজধানীর স্যানিটেশন তথা পয়োনিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতা সম্পর্কে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করিয়া বৃহস্পতিবার সমকালের প্রতিবেদনে যে তথ্য তুলিয়া ধরা হইয়াছে উহা হতাশাজনক। বাসাবাড়ির  ৮০ শতাংশের অধিক অপরিশোধিত বর্জ্যপানি ও পয়োবর্জ্য ঢাকার নদী-খাল ও অন্যান্য জলাশয়ে পতিত হইতেছে। ফলে জনস্বাস্থ্যের জন্য চূড়ান্ত বিপজ্জনক পরিস্থিতি তৈয়ার হইয়াছে এবং তাহা প্রতিমুহূর্তে বর্ধমান। আরও হতাশার খবর, ঢাকার মাত্র ২০ শতাংশ বাসিন্দার পাইপের মাধ্যমে পয়োনিষ্কাশন সংযোগ রহিয়াছে। উপরন্তু তথ্যটি বহু পূর্বের বলিয়া দাবি করিতেছেন নগরবিশারদগণ। তাহাদের বক্তব্য, এই ব্যবস্থা এখন ১০ শতাংশে নামিয়াছে। উল্লেখ্য, রাজধানীতে পয়োনিষ্কাশনের দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা ওয়াসার ৯৬১ কিলোমিটার পয়োনিষ্কাশন লাইন পুরান ঢাকা, ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশান, বনানী, বারিধারাসহ বিভিন্ন এলাকা দিয়া বিস্তৃত হইলেও রক্ষণাবেক্ষণের অভাবে অনেক লাইন কার্যকারিতা হারাইয়াছে। কোথাও সংযোগ বিচ্ছিন্ন হইয়া বর্জ্য হাতিরঝিল, ধোলাই খালসহ বিভিন্ন জলাশয়ে পড়িতেছে। সংযোগের বাহিরে থাকা এলাকার বর্জ্যেরও বৃহৎ অংশ যাইতেছে ডোবা, নালা ও নদীতে। টয়লেটের সংখ্যা বাড়িলেই যে স্যানিটেশন নিশ্চিত হয় না, তাহা আবারও প্রমাণিত হইতেছে এই খবরে। রাজধানীর বিপুল জনগোষ্ঠীর বর্জ্য শেষ পর্যন্ত কোথায় যাইতেছে, তাহার উপর যে কোনো কার্যকর নিয়ন্ত্রণ নাই– এই বিষয়টিও স্পষ্ট। সর্বোপরি, উন্মুক্ত স্তানে মলত্যাগের হার কমাইয়া এতদিন বাংলাদেশ সরকার যে আত্মতৃপ্তিতে ভুগিত তাহা কার্যত ফাঁপা।

দুর্ভাগ্যজনক হইল, সর্বজনীন পয়োনিষ্কাশন সেবা নিশ্চিত করিতে না পারিলেও ঢাকা ওয়াসা সেবাবঞ্চিত নাগরিকদের নিকট হইতেও পানির বিলের সহিত পয়োবর্জ্য ব্যবস্থাপনার অর্থ আদায় করিতেছে। অর্থাৎ ওয়াসা শুধু পয়োনিষ্কাশন সেবা নিশ্চিত করিবার দায় উপেক্ষা করিতেছে না; প্রতারণার এক জলজ্ব্যান্ত উদাহরণও সৃষ্টি করিয়াছে। এমনকি সরকারও দশকের পর দশক এই ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করিতেছে।

অপরিশোধিত পয়োবর্জ্য ও দূষিত পানি রোগজীবাণুর বিস্তার ঘটাইয়া ডায়রিয়াসহ পানিবাহিত বিবিধ রোগের ঝুঁকি বৃদ্ধি করিতেছে। শীতকালসহ বৎসরের উল্লেখযোগ্য সময় হাসপাতালগুলিতে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যুর সংখ্যা গুনিতে হয় আমাদের। অথচ রোগ প্রতিরোধের মৌলিক শর্ত– নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ ও কার্যকর পয়োবর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ।  আমরা জানি, ঢাকার দাশেরকান্দিতে নির্মিত পয়োশোধনাগারটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ পয়োশোধনাগার, যাহা বিপুল অর্থ ব্যয়ে নির্মিত। কিন্তু দুঃখজনক, ২০২৩ সালে চালু হইলেও প্রয়োজনীয় সংগ্রহ লাইন না থাকায় উহার পূর্ণ সক্ষমতাকে ব্যবহার করা যাইতেছে না। এই প্রকার পরিকল্পনাহীনতার পাশাপাশি কর্তৃপক্ষের দায়িত্বহীনতার ফলে নাগরিকেরা শুধু দুর্ভোগই পোহাইতেছে না; জনগণের কষ্টার্জিত বিপুল অর্থেরও অপচয় ঘটিতেছে। 

আমরা মনে করি, সমস্যাটির সমাধান জরুরি। সকলকে পয়োনিষ্কাশনের কেন্দ্রীয় ব্যবস্থার আওতায় আনিতে প্রয়োজনীয় পাইপলাইন বসানো, শোধনাগার নির্মাণের পাশাপাশি বর্জ্য সংগ্রহের যানবাহন, প্রশিক্ষিত জনবল, নিয়মিত পরিবহন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের বাজেট এবং কঠোর তদারকি নিশ্চিত করিতে হইবে। স্থানীয় প্রয়োজন অনুযায়ী বিকেন্দ্রীভূত শোধন ব্যবস্থাও গড়িয়া তোলা যায়। এই ক্ষেত্রে অনেক বিকল্প উপায়ও রহিয়াছে। টাঙ্গাইলের সখীপুর ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগসমূহ এস্থলে উদাহরণ হইতে পারে। সেই সকল স্থানে ভ্যাকুয়াম ট্যাঙ্কারে পিট ও সেপটিক ট্যাঙ্কের বর্জ্য সংগ্রহ করিয়া শোধনাগারে লওয়া হইয়া থাকে। তদুপরি, প্রক্রিয়াজাত বর্জ্য হইতে কম্পোস্ট তৈয়ার করিয়া কৃষিতে ব্যবহার করা হইতেছে। সখীপুরে উৎপাদিত কম্পোস্ট বিক্রয়ের অর্থ শোধনাগারের পরিচালনা ও রক্ষণাবেক্ষণে ব্যয় করা হইতেছে। অর্থাৎ পরিকল্পিত ব্যবস্থাপনায় পয়োবর্জ্য দূষণের উৎস হওয়া তো দূর স্থান, সম্পদেও পরিণত হইতে পারে। নিরাপদ স্যানিটেশনের দাবি পূরণ করিতে হইলে পয়োবর্জ্য ও পয়োপানির নিরাপদ গন্তব্য নিশ্চিত করিতে হইবে, যেখানে রাষ্ট্রকেই সার্বিক দায়িত্ব লইতে হইবে। 
 

আরও পড়ুন

×